জার্মানির কনজারভেটিভ পার্টির নেতা ফ্রিডরিখ মেৎর্স মঙ্গলবার (৬ মে) পার্লামেন্টের প্রথম দফার ভোটাভুটিতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন। মধ্য-বাম সোশ্যাল ডেমোক্র্যাটদের (এসপিডি) সঙ্গে তার নতুন জোটের জন্য এটি একটি অপ্রত্যাশিত ধাক্কা। খবর রয়টার্স।
৬৯ বছর বয়সী মেৎর্স ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তার সিডিইউ/সিএসইউ জোটকে বিজয়ে নেতৃত্ব দেন এবং এরপর মধ্য-বাম এসপিডির সঙ্গে একটি কোয়ালিশন চুক্তি করেন। তবে বার্লিনের নিম্নকক্ষ বুন্ডেস্ট্যাগে মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে তিনি পেয়েছেন মাত্র ৩১০টি ভোট, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩১৬টি ভোট। বিষয়টি জানান পার্লামেন্টের সভাপতি জুলিয়া ক্ল্যোকনার।
ভোটের ফল ঘোষণার পর ক্ল্যোকনার সংসদ অধিবেশন সাময়িকভাবে মুলতবি ঘোষণা করে বলেন, ‘পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পার্লামেন্টারি গ্রুপগুলো এখন আলোচনা করবে।‘
জার্মান সংবিধান অনুযায়ী, মেৎর্স অথবা অন্য কোনো প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ ভোটে চ্যান্সেলর নির্বাচিত করার জন্য বুন্ডেস্ট্যাগের এখন ১৪ দিনের সময় রয়েছে। এমনকি মঙ্গলবারের মধ্যেই আরেক দফা ভোট আয়োজন সম্ভব হতে পারে।
মেৎর্সের রক্ষণশীল জোট ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ২৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে সর্বোচ্চ আসন লাভ করে। তবে সরকার গঠনের জন্য তাদের এক বা একাধিক শরিকের প্রয়োজন। সোমবার তারা এসপিডির সঙ্গে একটি সরকার গঠনের চুক্তিতে পৌঁছায়। এসপিডি এবারের নির্বাচনে মাত্র ১৬ দশমিক ৪ শতাংশ ভোট পায়, যা দলটির যুদ্ধোত্তর ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল।