ভারতের দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতনে আজ রোববার দুপুরে ছেলেদের পিজি ছাত্রাবাসের পাঁচতলা ভবন ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভবনের ধ্বংসস্তূপে ৪০-৫০ শিক্ষার্থী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলমান। খবর হিন্দুস্তান টাইমস।
ঘটনাস্থলে দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী, দিল্লি ফায়ার সার্ভিস, পুলিশ, পৌর করপোরেশন, জরুরি উদ্ধারকারী দল ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন। উদ্ধারকাজ দ্রুতগতিতে চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ছবি: ব্লুমবার্গ
এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬-৭ জন শিক্ষার্থীকে উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে এআইআইএমএস ট্রমা সেন্টারে নেয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে দক্ষিণ ক্যাম্পাস থানায় এ ঘটনায় পুলিশের কাছে জরুরি ফোন আসে। পরে ঘটনাস্থলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ভবন ধসের সময় সেখানে প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী থাকতে পারেন।
শিক্ষার্থীরা জানান, রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঘটনার সময় অধিকাংশ শিক্ষার্থী ভবনটির ভেতরেই থাকার কথা। ফলে ধ্বংসস্তূপে আটকে পড়ার সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, পাশের ভবনটিরও একটি অংশ ধসে পড়ে। কক্ষের ভেতরে থাকা শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। নিবন্ধনের তথ্য যাচাই না করা পর্যন্ত আটকে পড়া শিক্ষার্থীর সঠিক সংখ্যা জানা যাবে না।
তিনি জানান, অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকারীরা তাদের বের করে আনতে কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটি ছেলেদের পিজি ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছেন, পাঁচতলা ভবনটির নাম ছিল ‘হোস্টেল ডেজ’।