পারমাণবিক চুক্তি ছাড়াই হরমুজ খুলে দেয়ার প্রস্তাব ইরানের

৪ আপডেট
  • ২৭ এপ্রিল, ২০২৬

    পারমাণবিক চুক্তি ছাড়াই হরমুজ খুলে দেয়ার প্রস্তাব ইরানের

    পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা ছাড়াই হরমুজ প্রণালিতে আরোপিত নিয়ন্ত্রণ তুলে নেয়ার প্রস্তাব দিয়েছে তেহরান। প্রস্তাবটি সম্পর্কে অবগত দুই আঞ্চলিক কর্মকর্তা আজ এ তথ্য জানিয়েছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা জানান, প্রস্তাবের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের ওপর আরোপিত অবরোধও তুলে নেয়ার দাবি জানিয়েছে ইরান।

    পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাবটি পৌঁছেছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়ার সম্ভাবনা কম। কারণ তিনি হরমুজ প্রণালিসহ একটি সামগ্রিক চুক্তির অংশ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করতে চান, যাতে যুদ্ধবিরতি স্থায়ী করা যায়।

    গতকাল ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘সব সুযোগ এখন আমাদের হাতেই। তারা যদি কথা বলতে চায়, তাহলে আমাদের কাছে আসতে পারে, অথবা আমাদের ফোন করতে পারে।’

    সূত্র: এপি

  • ২৭ এপ্রিল, ২০২৬

    অস্ট্রেলিয়া থেকে ভিয়েতনাম— ইভির চাহিদা বাড়িয়েছে ইরান যুদ্ধ

    অস্ট্রেলিয়া থেকে ভিয়েতনাম পর্যন্ত বিভিন্ন দেশে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) চাহিদা বাড়িয়ে দিয়েছে।

    কিছুদিন আগেও অনলাইন মার্কেটপ্লেস অ্যামেইজিং ইভির উদ্যোক্তা রসকো জুয়েল প্রতি দুই মাসে একটি করে ব্যবহৃত ইভি বিক্রি করতেন। কিন্তু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে তিনি প্রায় প্রতি দুই সপ্তাহে একটি করে ব্যবহৃত ইভি বিক্রি করছেন।

    সিডনিভিত্তিক এ ব্যবসায়ী বলেন, ‘এখন ২০-৫০ হাজার ডলারের মধ্যে ব্যবহৃত ইভি খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। পাশাপাশি দাম ১০-১৫ শতাংশ, কিছু ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত বাড়তেও দেখেছি।’

    মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে পেট্রল ও ডিজেলের দাম বাড়তে থাকায় অনেক দেশে ইভির চাহিদা দ্রুত বাড়ছে। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন—উভয় দেশেই ২০২৫ সালের বাজার মন্দার পর ইভি বিক্রি আবার বাড়তে শুরু করেছে।

    চীনের গাড়ি বিক্রেতা সংগঠন চায়না অটোমোটিভ ডিলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত মাসে দেশটির ইভি বিক্রি আগের মাসের তুলনায় ৮২ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

    অন্যদিকে কক্স অটোমোটিভের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত মাসে ইভি বিক্রি ৮২ হাজার ইউনিট ছাড়িয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় এক-চতুর্থাংশ কম হলেও ফেব্রুয়ারির তুলনায় ২০ শতাংশের বেশি।

    ভিয়েতনামে স্থানীয় ইভি ব্র্যান্ড ভিনফাস্ট মার্চে আগের বছরের একই সময়ের তুলনায় বিক্রি ১২৭ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে।

    সূত্র: আল জাজিরা

  • ২৭ এপ্রিল, ২০২৬

    নেতানিয়াহুর নির্দেশের পর দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ব্যাপক বাস্তুচ্যুতি

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক অভিযান আরো জোরদার করার নির্দেশ দিয়েছিলেন গত শনিবার। এর একদিন পর গতকাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে।

    লেবাননের বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলি হামলায় জাওতার, মাইদাফৌন ও ইয়োহমর আল-শাকিফ শহরগুলো লক্ষ্যবস্তু করা হয়। পাশাপাশি দেইর সেরিয়ান ও ইয়োহমরের মধ্যবর্তী এলাকায় গোলাবর্ষণ করা হয়।

    ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শাইতিয়েহর উপকণ্ঠেও হামলা চালায় এবং টায়ার জেলার কালিলেহ শহরের একটি বাড়িতে আরেকটি বিমান হামলা হয়।

    বার্তা সংস্থাটি আরো জানায়, ইসরায়েলি বাহিনী খিয়াম শহরে বড় পরিসরে ধ্বংস অভিযান চালায় এবং তাইবেহ শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    রিপোর্ট অনুযায়ী, রাজধানী বৈরুতের আকাশেও ইসরায়েলি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।

    এ উত্তেজনার মধ্যে লিটানি নদীর দক্ষিণাঞ্চলের গ্রামগুলো থেকে মানুষ ব্যাপকভাবে সিদন শহরের দিকে সরে যেতে শুরু করে। এ অঞ্চলে আগেই সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল ইসরায়েল।

    নেতানিয়াহুর দফতর থেকে দেয়া এক ঘোষণার একদিন পর হামলা বাড়ানো হয়। ওই ঘোষণায় ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননে হিজবুল্লাহ লক্ষ্য করে হামলা বাড়ানোর নির্দেশ দেন তিনি।

    গত ১৬ এপ্রিলের যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছিলেন। তবে চলমান লঙ্ঘনের কারণে নতুন করে বাস্তুচ্যুতির আশঙ্কা তৈরি হয়েছে।

    গত ২ মার্চ ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। এর পর থেকে লেবাননে বিমান হামলা ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েল।

    লেবাননের কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলের বিস্তৃত হামলায় আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন।

    ১৬ এপ্রিল প্রথমে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তবে তা বারবার ইসরায়েলের পক্ষ থেকে লঙ্ঘিত হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হোয়াইট হাউজে দ্বিতীয় দফা উচ্চপর্যায়ের আলোচনার পর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি আরো তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে।

    সূত্র: আনাদোলু

  • ২৭ এপ্রিল, ২০২৬

    আলোচনা প্রক্রিয়ায় কিছু অগ্রগতি হয়েছে দাবি আব্বাস আরাঘচির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সফরে পাকিস্তান সফর নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, ‘যেকোনো অবস্থাতেই আলোচনার প্রক্রিয়ায় কিছু অগ্রগতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভুল দৃষ্টিভঙ্গি এবং অতিরিক্ত দাবি আগের দফার আলোচনাকে তাদের লক্ষ্য অর্জনে পৌঁছাতে দেয়নি, যদিও কিছু অগ্রগতি হয়েছিল।’

    আব্বাস আরাঘচি যোগ করেন, ‘অতীতে কী ঘটেছে তা পর্যালোচনা করেছি আমরা এবং কীভাবে ও কোন শর্তে আলোচনা এগিয়ে নেয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা করেছি।’

    সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা থমকে যাওয়ায় বেড়েছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনার আশা গতকাল ভেস্তে যায়।

আজ প্রাথমিক লেনদেনে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ১০৭ ডলার ৩৫ সেন্টে, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় ৪৭ শতাংশ বেশি।

অবশ্য এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলো এ অচলাবস্থা উপেক্ষা করে আজ প্রাথমিক লেনদনে উর্ধ্বমুখী অবস্থায় ছিল। জাপানের বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কসপি যথাক্রমে দশমিক ৯ ও ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে ।

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অচলাবস্থার প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি বড় অংশ কার্যত স্থবির হয়ে পড়েছে।

মেরিটাইম ইন্টেলিজেন্স প্লাটফর্ম উইন্ডওয়ার্ডের তথ্য অনুসারে, গত শনিবার এ প্রণালি দিয়ে মাত্র ১৯টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্যানুযায়ী, ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করত।

সূত্র: আল জাজিরা

আরও