মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিয়মিত বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল চালু করেছে রাশিয়া। রোববার রুশ বিমান সংস্থা নর্ডউইন্ড পরিচালিত প্রথম ফ্লাইটটি মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানীর উদ্দেশে ছেড়ে যায়। এতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। খবর এপি।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, চাহিদা অনুযায়ী প্রতি মাসে একটি করে ফ্লাইট চালানো হবে।
এর আগে ২০২৩ সালে রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ভ্লাদিভোস্টক ও পিয়ংইয়ংয়ের মধ্যে উড়োজাহাজ চলাচল পুনরায় চালু হয়, যা মহামারির সময় বন্ধ হয়ে গিয়েছিল। মহামারিকালে আরোপিত বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করছে উত্তর কোরিয়া। সীমান্ত পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে। তবে আন্তর্জাতিক পর্যটন পুরোপুরি চালু হবে কি না, সে বিষয়ে দেশটি এখনো কোনো ঘোষণা দেয়নি।
চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়ার নতুন ওয়োনসান-কালমা সমুদ্রসৈকত রিসোর্ট পরিদর্শনে যান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সেখানেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন। রুশ পর্যটকদের ওই রিসোর্ট ভ্রমণে উৎসাহিত করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রায় ২০ হাজার পর্যটক ধারণক্ষম এই বিশাল রিসোর্টটি কিম জং উনের নেতৃত্বাধীন পর্যটন বিকাশ কর্মসূচির কেন্দ্রবিন্দু, যার মাধ্যমে তিনি দেশের সংকটাপন্ন অর্থনীতিকে চাঙ্গা করতে চান।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও অন্যান্য খাতে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র ও সৈন্য সরবরাহ করছে বলেও অভিযোগ উঠেছে।