তেহরানের বিভিন্ন এলাকায় আজ ভোর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও এর একটি গ্যাস স্টেশনও ছিল।
হামলার পর পাওয়া ছবিতে তেহরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে ।
গতকাল ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে এক করে দেয়া হবে। অবশ্য ফক্স নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান এবং তিনি বিশ্বাস করেন সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব।
তেহরানের ৯ নম্বর জেলার মেয়র ঘোষণা করেছেন, আজ সকালে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির গ্যাস স্টেশনে হামলার পর শরিফ এলাকার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই হামলায় বিশ্ববিদ্যালয়ের যেসব এলাকা আক্রান্ত হয়েছে, তার মধ্যে ইনফরমেশন টেকনোলজি সেন্টার ভবন এবং বিশ্ববিদ্যালয় মসজিদও রয়েছে।
সোমবার সকালে প্রকাশিত ছবিতে তেহরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
যুদ্ধ শুরুর পর থেকে তেহরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হয়েছে।
ভাহিদ অনলাইনকে স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১টার দিকে একদল যুদ্ধবিমান বোরোজের্দ শহরের ওপর দিয়ে নিচু উচ্চতায় উড়ে যায়।
সেখানকার একজন অধিবাসী বলেন, ‘প্রতিদিন রাতেই আমরা কয়েকটি যুদ্ধবিমানের শব্দ শুনি, কিন্তু আজ রাতে এই শব্দ অন্তত পাঁচ গুণ বেশি ছিল।’
আজ সকালে শিরাজ শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর এবং যুদ্ধবিমানের শব্দ শোনার বিষয়েও খবর পাওয়া যাচ্ছে। কওম শহরের কয়েকজন বাসিন্দাও জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১টার দিকে শহরের কিছু এলাকাকে হামলার লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
কওম প্রদেশের উপ-রাজনৈতিক ও নিরাপত্তা পরিচালকও জানিয়েছেন যে, শহরের একটি আবাসিক এলাকা হামলার শিকার হয়েছে। তিনি নাগরিকদের ঘটনাস্থলে ভিড় না করার অনুরোধ করেছেন।
সূত্র: বিবিসি বাংলা