ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র তৃতীয় একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের আশপাশে মোতায়েন করতে যাচ্ছে। একটি মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরো দুই সূত্র জানায়, ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আগামী সপ্তাহে ইউরোপীয় থিয়েটারে মোতায়েন হবে, যা সম্ভবত পূর্ব ভূমধ্যসাগরের দিকেই অগ্রসর হবে—ইসরায়েলের খুব কাছাকাছি। খবর সিএনএন।
‘ইউএসএস জেরাল্ড আর ফোর’-এর এই মোতায়েন আগে থেকেই নির্ধারিত ছিল, তবে ইরানের সঙ্গে চলমান সংকটের কারণে এটি সরাসরি সংঘাতপূর্ব এলাকায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে, যা ‘ইউএসএস কার্ল ভিনসন’-এর স্থলাভিষিক্ত হতে পারে বা তার সঙ্গে যুক্ত হতে পারে।
মার্কিন বিমানবাহী রণতরীগুলো বিশ্বের যেকোনো স্থানে শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এরা একাধিক যুদ্ধবিমান, মিসাইল-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা, জলতল ও পানির নিচের হুমকি মোকাবেলার জন্য যুদ্ধজাহাজসহ মোতায়েন হয়। সংকটকালে এগুলোই প্রথম মোতায়েন করা হয়।
এ মোতায়েন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরো ঘনীভূত করছে এবং সম্ভাব্য সরাসরি সংঘাতে জড়ানোর আশঙ্কা বাড়িয়ে তুলছে।