ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপের কাছে ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি আরোহী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। গতকাল রাতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।
ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) জানিয়েছে, পালাওয়ানের কোরন উপকূলের জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। রাতেই ফেরি থেকে ৪৩ জনকে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফেরিটির বিভিন্ন অংশ আগুনের শিখায় ঢেকে গেছে। উদ্ধারকারীরা মরদেহ ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন, এমন দৃশ্যও ভিডিওতে দেখা গেছে।
কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবায়াব ডিএক্সএল রেডিওকে বলেন, জাহাজটির যাত্রী তালিকায় ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রুর নাম ছিল।
উদ্ধার হওয়া ও নিহতের সংখ্যা বিবেচনায় ৮০ জনের বেশি মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে উদ্ধার অভিযান চলতে থাকায় এই সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানান কায়াবায়াব।
তিনি বলেন, ফেরিটি ম্যানিলার বাসেকো এলাকা থেকে ছেড়ে কোরনের উদ্দেশে যাচ্ছিল।
আগুন লাগার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান এ কর্মকর্তা।