টেক জায়ান্টটি সম্প্রতি ভিশন প্রো হেডসেট ও ডিজিটাল সহকারী সিরি সফটওয়্যার টিম থেকে ২০০-এর বেশি কর্মীকে চাকরিচ্যুত করেছে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মার্ক গুরম্যান সম্প্রতি এসব তথ্য জানান। খবর এনগ্যাজেট।
প্রতিবেদনে জানানো হয়, ভিশন প্রো বিভাগ থেকে প্রায় ১০০ জন ও সিরি-সংশ্লিষ্ট সফটওয়্যার দল থেকে আরো ১০০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। মূলত গেমিং ও ইমার্সিভ ভিডিও তৈরির কাজে যুক্ত কর্মীরাই ভিশন প্রো টিমে বেশি প্রভাবিত হয়েছেন। অন্যদিকে পুরনো প্রযুক্তির সিরি টিমে যুক্ত কর্মীদের ছাঁটাই করা হয়েছে। কারণ অ্যাপল জানায়, নতুন এলএলএম-ভিত্তিক ব্যবস্থার জন্য ভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন।
কর্মী ছাঁটাই ও পুনর্গঠনের বিষয়টি স্বীকার করেছে অ্যাপল। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, পণ্যের পরিবর্তন ও নতুন পরিকল্পনার স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া। তবে একই সঙ্গে নতুন কিছু পদও তৈরি করা হবে বলে জানানো হয়। প্রতিষ্ঠানে অবদান রাখার জন্য বিদায়ী কর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি অ্যাপলের অন্যান্য পদে আবেদনের সুযোগ দেয়ার কথা জানায় কর্তৃপক্ষ।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের পদক্ষেপ খুব একটা চমকপ্রদ নয়। সাড়ে ৩ হাজার ডলারের বেশি দামি ভিশন প্রো হেডসেটটি বাজারে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। ফলে কোম্পানিটি এটি থেকে সরে এসে মেটার মতো এআই সমর্থিত স্মার্ট গ্লাস তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বিপুল খরচের কারণে ইমার্সিভ ভিডিওর পরিকল্পনা থেকেও পিছিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
অ্যাপল কর্মীদের আশ্বস্ত করে জানায়, ভিশন প্রো ও এর অপারেটিং সিস্টেম এখনই বন্ধ হচ্ছে না। ২০২৮ সাল নাগাদ ডিভাইসটির নতুন মডেল আনার পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে স্মার্ট গ্লাস-কেন্দ্রিক কৌশলে মনোযোগ দেয়ায় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া অনিবার্য হয়ে পড়েছিল।