রেকর্ড ভেঙে ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেন 'মেলিসা' জ্যামাইকার উপকূলে আছড়ে পড়েছে। ইতিহাস সৃষ্টিকারী এ শক্তিশালী আটলান্টিক ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশজুড়ে দেখা দিয়েছে ভয়ংকর বাতাস, ব্যাপক বন্যা এবং ভূমিধস। ১৮৫১ সালে তথ্য নথিভুক্ত করার পর এটি জ্যামাইকার ওপর দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে তীব্র ঘূর্ণিঝড়। খবর দ্য গার্ডিয়ান।
দেশটির স্থানীয় সরকার মন্ত্রী ডেসমন্ড ম্যাকেঞ্জি মঙ্গলবার বিকালে জানান, দক্ষিণ-পশ্চিমের সেন্ট এলিজাবেথ প্যারিশ শহর সম্পূর্ণ জলাবদ্ধ এবং ব্ল্যাক রিভার এলাকায় অন্তত তিনটি পরিবার তাদের বাড়িতে আটকে পড়েছে। বিপজ্জনক পরিস্থিতির কারণে জরুরি পরিষেবা কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। তিনি 'মেলিসা'-কে জ্যামাইকার ইতিহাসে 'সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্যতম' বলে বর্ণনা করেন।
ছবি- এপি
মেলিসার তাণ্ডবে ৫ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। প্রায় ১৫ হাজার মানুষ ঝড়ের আশ্রয়কেন্দ্রগুলোয় অবস্থান করছে। সেন্ট এলিজাবেথ প্যারিশ পরিচিত দেশটির 'খাদ্যভান্ডার' হিসেবে। ক্ল্যারেন্ডন এবং ম্যানচেস্টারের সঙ্গে প্যারিশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেলিসার আঘাতে।
জ্যামাইকার ছোটবড় প্রায় সব সড়কই পরিণত হয়েছে নদীতে। উপড়ে গেছে বিদ্যুৎ লাইন ও গাছ। বহু ভবনের ছাদ উড়ে গেছে। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস দেশটিকে 'দুর্গত এলাকা' ঘোষণা করেছেন।
এখন পর্যন্ত কমপক্ষে সাতজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে তিনজন জামাইকায়, তিনজন হাইতিতে এবং একজন ডোমিনিকান প্রজাতন্ত্রে।
উপকূলে আঘাত হানার সময় মেলিসার বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ২৯৮ কিমি/ঘণ্টা (১৮৫ মাইল/ঘণ্টা)। জ্যামাইকার ওপর দিয়ে যাওয়ার সময় এটি ক্যাটাগরি-৪ এ নেমে এলেও এর ধ্বংসাত্মক ক্ষমতা বজায় আছে। প্রবল ঝড়ে ১৩ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা গেছে দক্ষিণ উপকূলে।
স্যাটেলাইট ইমেজে হারিকেন মেলিসা। ছবি- এপি
জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, মাত্র একদিনে মেলিসার তীব্রতা এতটা বেড়ে যাওয়া বৈশ্বিক উষ্ণতা এবং সমুদ্রের দ্রুত তাপমাত্রা বৃদ্ধির একটি উপসর্গ। জলবায়ুবিদ লিয়ান আর্চার বলেন, উষ্ণ সমুদ্র হারিকেনকে জ্বালানি দেয়, আর এ কারণেই মেলিসা হয়েছে এক ‘পারফেক্ট স্টর্ম’।
জ্যামাইকা অতিক্রম করার পর ঘূর্ণিঝড়টির কিউবা ও বাহামাসের দিকে যাওয়ার পূর্বাভাস রয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল নাগরিকদের সতর্ক করে বলেছেন, এটি তার দ্বীপের ইতিহাসে সম্ভবত সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো জ্যামাইকার জন্য ত্রাণ সহায়তা প্রস্তুত করছে।