সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসি।
রোববার (২২ জুন) সন্ধ্যায় প্রার্থনার সময় দামেস্কের ডুইলা এলাকায় গ্রিক অর্থোডক্স চার্চ অব দ্য প্রফেট এলিয়াসে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। গুলি ছোঁড়ার পর তিনি নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দাবি, হামলাকারী ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সম্পৃক্ত ছিল। তবে এখনো সংগঠনটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক দায় স্বীকার করা হয়নি।
ঘটনার পর গির্জার অভ্যন্তরের ছবি ও ভিডিওতে দেখা যায়, মঞ্চ ও বেদি ধ্বংসপ্রাপ্ত, কাঁচে ঢাকা বেঞ্চ ছিন্নভিন্ন এবং দেয়ালে রক্তের ছাপ স্পষ্ট।
প্রত্যক্ষদর্শী লরেন্স মা'মারি বলেন, ‘বাইরে থেকে এক ব্যক্তি বন্দুক হাতে ভেতরে ঢুকে গুলি ছুড়তে শুরু করেন। লোকজন তাকে থামাতে চেষ্টা করলে সে নিজেকে উড়িয়ে দেয়।‘
২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর ইসলামপন্থী বিদ্রোহীরা সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরানোর পর এটিই দামেস্কে প্রথম বড় ধরনের আত্মঘাতী হামলা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি চার্চের প্রবেশপথে ঘটেছিল এবং এতে ভেতরে ও আশপাশের অনেক মানুষ হতাহত হয়েছেন।
সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব বলেন, তার মন্ত্রণালয়ের বিশেষ দল হামলার তদন্ত শুরু করেছে। এ হামলাকে তিনি ‘নিন্দনীয় অপরাধ’ হিসেবে বর্ণনা করেন।