হামাসবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার কথা স্বীকার নেতানিয়াহুর

বৃহস্পতিবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে সরকার গাজার অভ্যন্তরীণ প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করা হচ্ছে। তিনি এমন সময়ে এ স্বীকারোক্তি দিলেন, যখন গাজায় নতুন করে সামরিক হামলায় অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরা।

বৃহস্পতিবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে সরকার গাজার অভ্যন্তরীণ প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় করেছে।

এর আগে নেতানিয়াহু গাজায় এমন কৌশল প্রয়োগ করছেন বলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান অভিযোগ তুলেছিলেন।

নেতানিয়াহুর এ বিবৃতির মাধ্যমে ইসরায়েল সরকার প্রথমবারের মতো কিছু প্রভাবশালী গোত্রভিত্তিক সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীকে সমর্থন দেয়ার কথা স্বীকার করল। ত্রাণকর্মীদের অভিযোগ, ইসরায়েলের অবরোধের কারণে পুরো গাজা যখন দুর্ভিক্ষের মুখে তখন এ গোষ্ঠীগুলো হামলা চালিয়ে ট্রাক থেকে ত্রাণ চুরি করছে।

বার্তা সংস্থা এপিকে উদ্ধৃত করে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, নেতানিয়াহু যে গোষ্ঠীগুলোর কথা বলছেন তার একটি তথাকথিত ‘পপুলার ফোর্সেস’। এ গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন ইয়াসের আবু শাবাব। তিনি রাফা এলাকার একজন স্থানীয় গোত্রপ্রধান।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ গত মাসে সংগঠনটির কার্যকলাপ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে এ গোষ্ঠীকে ‘অ্যান্টি টেরর সার্ভিস’ হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে গাজাভিত্তিক কয়েকটি সূত্রের বরাতে বলা হয়, এ গোষ্ঠী প্রায় ১০০ জন সশস্ত্র সদস্য নিয়ে গঠিত। তারা ইসরায়েলি সেনাবাহিনীর অঘোষিত অনুমোদন নিয়ে কাজ করছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনলাইনে দেয়া ঘোষণায় আবু শাবাব গোষ্ঠী দাবি করেছে, তাদের যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত নতুন ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি সংগঠন এসব ত্রাণ বিতরণ কেন্দ্র পরিচালনা করছে।

জর্ডানের রাজধানী আম্মানে নিযুক্ত আল জাজিরার প্রতিনিধি হামদাহ সালহুত বলেন, ইসরায়েলের সরকার বা মন্ত্রিসভার মধ্যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে দেশটির বিরোধী দল দাবি করেছে। নেতানিয়াহু বলছেন, সশস্ত্র গোষ্ঠীগুলো গাজায় হামাসকে পরাজিত করতে ইসরায়েলকে সহযোগিতা করতে পারে।

আরও