অন্ধ্র প্রদেশের উপকূলে আগামী ২৮ অক্টোবর আঘাত হানার আশঙ্কা থাকা অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব-এর সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুতি জোরদার করেছে ওডিশা সরকার। জরুরি উদ্ধারকারী দলগুলোকে সতর্ক রাখা হয়েছে এবং কর্মকর্তাদের নিজ নিজ সদর দপ্তরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট এবং গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়োজিত অন্য কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজও। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) পূর্বাভাস দিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ হিসেবে থাকা আবহাওয়াব্যবস্থাটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পুদুচেরি, কারাইকাল এবং তামিলনাড়ুর সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সম্ভাব্য স্থলভাগে আঘাত হানার স্থানটি ওডিশার গোপালপুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে হলেও দক্ষিণ ও উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।
ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কর্মকর্তাদের জননিরাপত্তা, প্রয়োজন অনুযায়ী লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং জরুরি সাড়াদান কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘূর্ণিঝড়ে প্রাণহানি শূন্যে রাখার সরকারি লক্ষ্যের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সব জেলা কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট এবং গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়োজিত অন্য কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে ওডিশা সরকার। সাধারণ প্রশাসন বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে কর্মকর্তাদের অবিলম্বে নিজ নিজ সদর দপ্তরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওডিশার দক্ষিণাঞ্চলীয় ও উপকূলীয় জেলাগুলোতে ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া অন্যান্য উপকূলীয় এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি জেলার সব স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র ২৮ ও ২৯ অক্টোবর বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।