দক্ষিণ ইউক্রেনের পাশাপাশি পূর্ব ডনবাস অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় রাশিয়া। এটি তাদের বর্তমান লক্ষ্য। রুশ সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে রাষ্ট্রটির গণমাধ্যমগুলো।
আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, দক্ষিণ ইউক্রেন ও পূর্ব ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ক্রিমিয়াতে একটি স্থল সেতু তৈরি করার অনুমতি দেবে মস্কো।
মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভ বলেন, এটি মস্কোকে মলডোভার ট্রান্সনিস্ট্রিয়ার রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে প্রবেশাধিকার দেবে। উল্লেখ্য, ট্রান্সনিস্ট্রিয়া ইউক্রেনের পশ্চিমে সীমান্তের একটি ছোট অঞ্চল।
জেনারেল মিনেকায়েভের মন্তব্য আনুষ্ঠানিকভাবে ক্রেমলিন কর্তৃক অনুমোদিত কিনা তা স্পষ্ট নয়। তবে, ইন্টারফ্যাক্স ও টাস নিউজ এজেন্সিসহ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে তাকে উদ্ধৃত করেই সংবাদ প্রকাশ করছে।
রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা জেনারেল মিনেকায়েভের কোথায় এসব কথা বলেছেন, তা খুঁজে দেখছেন। যদি তা নিশ্চিত করা যায়, তবে আগামী সপ্তাহগুলোয় রাশিয়ার সম্ভাব্য এসব পরিকল্পনায় নজর দেবে।
এদিকে, মলডোভার পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবরকে গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। এ ব্যাপারে আলোচনা করতে মস্কোর রাষ্ট্রদূতকে তলব করেছে তারা।
রাশিয়া আগামী দিনে পূর্ব ইউক্রেন এবং দক্ষিণ উপকূলে আক্রমণ জোরদার করতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক উর্ধ্বতন কর্মকর্তা। তার ভাষ্য, আগামী দুই সপ্তাহ যুদ্ধের নির্ণায়ক হতে পারে।