যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার লেক ক্লেইবোর্নে সাঁতার কাটার পর বিরল ও প্রাণঘাতী ‘ মগজখেকো অ্যামিবা’য় আক্রান্ত হয়ে মারা গেছে এক আট বছর বয়সী শিশু। খবর দ্য গার্ডিয়ান।
রাস্টনের বাসিন্দা লিলিয়ান স্মার্ট মারা যায় গত শনিবার। এর একদিন আগেই শিশুটি জন্মদিন উদযাপন করেছিল। পরিবারের পক্ষ থেকে ‘লাভ ফর লিলিয়ান’ নামের একটি ফেসবুক পেজে দেয়া পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়।
পরিবার লিখেছে, ‘গত রাতে লিলিয়ান আমাদের কোল থেকে যিশুর কাছে চলে গেছে। মস্তিষ্কের ক্ষতি এতটাই গুরুতর ছিল যে তার ছোট্ট শরীর আর তা সামলে উঠতে পারেনি। তাকে বাঁচিয়ে রাখতে সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে। আমাদের হৃদয় ভেঙে গেছে এবং সত্যিই জানি না এখন কী করব। আমাদের মেয়েকে ছাড়া কীভাবে সামনে এগোব?’
লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ ১৯ আগস্ট জানায়, রাজ্যের এক বাসিন্দা নেগ্লেরিয়া ফাওলেরি নামের অ্যামিবায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের ধারণা, ক্লেইবোর্ন প্যারিশের লেক ক্লেইবোর্নে সাঁতার কাটার সময় ওই ব্যক্তি অ্যামিবায় আক্রান্ত হন। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে পরে পরিবারের বন্ধুদের বরাতে জানানো হয়, আক্রান্ত ব্যক্তি লিলিয়ান।
সম্প্রচারমাধ্যম কেএনওই জানিয়েছে, ১৫ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল লিলিয়ান। এ সংকটে রাস্টনের দুই ডজনের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিবারটির পাশে দাঁড়ায়। এসব প্রতিষ্ঠান বিক্রির একটি অংশ লিলিয়ানের জন্য দান করে বলে পরিবারের ফেসবুক পেজে জানানো হয়েছে।
নেগ্লেরিয়া ফাওলেরি সংক্রমণ অত্যন্ত বিরল। ২০১১ সালের পর থেকে লুইজিয়ানায় এ ধরনের সংক্রমণের ঘটনা মাত্র কয়েকটি ঘটেছে।
অ্যামিবাটি উষ্ণ পানিতে বংশবিস্তার করে এবং গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে এটি বেশি দেখা যায়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, ১৯৩৭ সাল থেকে দেশটিতে এ ধরনের সংক্রমণের প্রায় ১৮০টি ঘটনা শনাক্ত হয়েছে।
২০২৩ সালে আরকানসাসের রাজধানী লিটল রকে একটি কান্ট্রি ক্লাবের স্প্ল্যাশ প্যাডে নেগ্লেরিয়া ফাওলেরি-তে আক্রান্ত হয়ে এক শিশু মারা যায়।
যুক্তরাষ্ট্রজুড়ে হ্রদ, নদী ও পুকুরসহ উষ্ণ মিঠা পানিতে এ অ্যামিবা পাওয়া যায়। তবে লবণাক্ত পানিতে এটি থাকে না। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও ক্লোরিনযুক্ত সুইমিং পুলেও সাধারণত এটি পাওয়া যায় না।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সংকটের কারণে যুক্তরাষ্ট্রের এমন কিছু এলাকায়ও এ অ্যামিবা দেখা দিচ্ছে, যেখানে আগে এটি সাধারণ ছিল না—যেমন দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চল।
নেগ্লেরিয়া ফাওলেরি সংক্রমণের ফলে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) হতে পারে। দূষিত পানি নাক দিয়ে শরীরে প্রবেশ করলে অ্যামিবাটি ধরে মস্তিষ্কে পৌঁছাতে পারে এবং এতে মস্তিষ্কে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে।
তবে এ অ্যামিবা থাকা পানি গিলে ফেললেই সংক্রমণ হয় না। একইভাবে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরেও এই সংক্রমণ ছড়ায় না।