মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চালু করলেন নতুন ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ভিসা প্রকল্প, যার মাধ্যমে কমপক্ষে ১০ লাখ ডলার (প্রায় সাড়ে ৭ লাখ পাউন্ড) পরিশোধকারী বিদেশীরা দ্রুততম সময়ে মার্কিন নাগরিকত্ব লাভের সুযোগ পেতে পারেন। খবর রয়টার্স।
বুধবার সামাজিকমাধ্যমে ট্রাম্প বলেন, এই কার্ড ‘যোগ্য ও যাচাইকৃত’ আবেদনকারীদের জন্য সরাসরি নাগরিকত্বের পথ তৈরি করবে এবং এতে মার্কিন কোম্পানিগুলো ‘তাদের অমূল্য প্রতিভা’ ধরে রাখতে সক্ষম হবে।
বছরের শুরুতে ঘোষিত এই গোল্ড কার্ড প্রকল্পে বলা হয়েছে, ট্রাম্প গোল্ড কার্ড পেতে আবেদনকারীকে প্রথমে ১০ লাখ ডলার ফি দিতে হবে। এই অর্থ প্রমাণ করবে যে, আবেদনকারী যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট সুবিধা নিয়ে আসবেন।
যেসব ব্যবসা প্রতিষ্ঠান বিদেশী কর্মীদের স্পনসর করবে তাদের ২০ লাখ ডলার দিতে হবে, এর পাশাপাশি আরো অন্যান্য ফি প্রযোজ্য হবে। আরো বিশেষ কর সুবিধা সম্বলিত 'প্ল্যাটিনাম' কার্ডও শিগগিরই আসছে, যার মূল্য হবে ৫০ লাখ ডলার। আবেদন পর্যালোচনার আগেই সবাইকে ১৫ হাজার ডলার অফেরতযোগ্য প্রক্রিয়াকরণ ফি জমা দিতে হবে।
ঘোষণার পর থেকেই প্রকল্পটি সমালোচিত হচ্ছে। ডেমোক্র্যাট নেতারা বলছেন, এই পরিকল্পনা ধনীদের পক্ষপাতী এবং সাধারণ অভিবাসীদের জন্য বৈষম্যমূলক। ট্রাম্প অবশ্য বলেছেন, গোল্ড কার্ড গ্রিন কার্ডের মতোই দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ দেয়, তবে এটি মূলত ‘উচ্চ দক্ষতা ও উৎপাদনশীল’ ব্যক্তিদের লক্ষ্য করে তৈরি। তার বক্তব্য, ‘যারা ৫ মিলিয়ন ডলার দিতে পারে, তারা চাকরি তৈরি করবে। এটি দারুণ বিক্রি হবে, একেবারে সস্তা।‘
অন্যদিকে, প্রশাসন এরইমধ্যে ব্যাপক অভিবাসন দমন অভিযান চালাচ্ছে। কর্মক্ষেত্র ভিসার ফি বৃদ্ধি, অনথিভুক্ত অভিবাসীদের বহিষ্কার, ও বাইডেন আমলে মঞ্জুর হওয়া হাজারো আশ্রয় আবেদন পুনর্বিবেচনার সিদ্ধান্ত তারই অংশ।
এছাড়া ১৯টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলো মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের। গত সেপ্টেম্বর ট্রাম্প দক্ষ বিদেশী কর্মীদের জনপ্রিয় এইচ-১বি ভিসার আবেদনে ১ লাখ ডলার ফি আরোপ করেন, যা যুক্তরাষ্ট্রে থাকা বিদেশী শিক্ষার্থী ও প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করে। পরে হোয়াইট হাউস জানায়, এই ফি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাইরে থাকা নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।