মামলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। শনিবার ইদ্দত মামলায় তাদের খালাস দেন দেশটির নিম্ন আদালত। কিন্তু তাদের এ আনন্দ দীর্ঘক্ষণ থাকেনি। আদালত রায় দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তোশাখানা উপহারসংক্রান্ত নতুন একটি মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) নির্দেশে এ দম্পতিকে ফের গ্রেফতার দেখানো হয়েছে।
এনএবি উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে একটি দল আদিয়ালা কারাগার থেকে ইমরান খান ও বুশরা বিবিকে গ্রেফতার করে। মামলা তদন্ত করতে উভয়কেই এ কারাগারে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফজাল মাজোকা শনিবার মামলা থেকে খালাস দেয়ার জন্য ইমরান খান দম্পতির আবেদন গ্রহণ করেন। মামলা থেকে খালাস পাওয়ার পর ধারণা করা হচ্ছিল, ইমরান খান ও তার স্ত্রীর কারাগার থেকে মুক্তি পাওয়ার পথে আর কোনো বাধা নেই, কিন্তু পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের মুখপাত্র আহমেদ জানজুয়া বলছেন, তারা দুজন এখনো কারাগারে থাকবেন।
জানজুয়া এক বিবৃতিতে বলেন, পূর্ব লাহোরের আরেকটি আদালত ২০২৩ সালের মে মাসে দাঙ্গা উসকে দেয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে তিনটি মামলায় তাকে গ্রেফতারের অনুমোদন দিয়েছে। এটি মূলত অবৈধ কারাবাস দীর্ঘায়িত করার একটি কৌশল। জানজুয়ার এই বিবৃতির পরই তোশাখানা উপহারসংক্রান্ত মামলায় গ্রেফতার দেখানো হলো ইমরান খান ও তার স্ত্রীকে। তাই শিগগিরই মিলছে না তাদের কারামুক্তি।
গত ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে তাদের বিয়ে বেআইনি বলে প্রমাণ হওয়ার পর বিচারিক আদালত দুজনকে সাত বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ৬ লাখ রুপি করে জরিমানা করেছিলেন।