ইইউর প্রতিবেদন

ফ্রান্সের বিক্ষোভ ঘিরে অপতথ্য ছড়িয়েছে রুশ নেটওয়ার্ক, পিছিয়ে নেই মার্কিন-ইসরায়েলি বিভিন্ন পক্ষ

ইইউর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সক্রিয় ‘অপারেশন ওভারলোড’ পশ্চিমা বিভিন্ন ‘জনপরিচিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমকে’ লক্ষ্য করে তৎপরতা চালাচ্ছে

ফ্রান্সে গত মাসের বিক্ষোভ ও দাঙ্গাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর চেষ্টা করেছে রাশিয়ার একটি গোপন নেটওয়ার্ক। দেশটিতে অস্থিরতার জন্য অনিয়ন্ত্রিত অভিবাসনকে দায়ী করা এবং সরকার পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে—এমন ধারণা তৈরির চেষ্টা চালিয়েছে নেটওয়ার্কটি। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি অভ্যন্তরীণ মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি আরেকটি অভ্যন্তরীণ মূল্যায়ন প্রতিবেদনেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েল-সংশ্লিষ্ট এবং যুক্তরাষ্ট্রের ‘মাগা’ আন্দোলনের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টগুলোর তৎপরতার কথা বলা হয়েছে। এসব অ্যাকাউন্ট ফ্রান্সের বিক্ষোভ ঘিরে ‘বিদ্বেষমূলক বয়ান’ ছড়িয়েছে। কোনো কোনো পোস্টে বিক্ষোভের সঙ্গে উগ্র ইসলামপন্থা ও অভিবাসনকে যুক্ত করা হয়েছে।

ইউরোপীয় অপতথ্যবিষয়ক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, দুটি প্রতিবেদনে উঠে আসা তথ্য থেকে বোঝা যায়, ফ্রান্সের অভ্যন্তরীণ অস্থিরতাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করেছে বিভিন্ন বহিরাগত পক্ষ।

ইইউর মূল্যায়ন অনুযায়ী, অপারেশন ওভারলোড নামে পরিচিত রাশিয়ার একটি গোপন নেটওয়ার্ক পশ্চিমা সংবাদমাধ্যমের ছদ্মবেশে ভিডিও প্রচার করে ফরাসি জনগণকে লক্ষ্যবস্তু করেছে। এসব ভিডিওর কোনো কোনোটিতে দাবি করা হয়, অভিবাসীরা বিক্ষোভকারীদের ধর্ষণ করেছে কিংবা সন্ত্রাসী হামলা আসন্ন। তবে এসব দাবি ছিল মিথ্যা।

এ বিষয়ে জানতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও রয়টার্স কোনো সাড়া পায়নি। এর আগে গত আগস্টে ফ্রান্সের ২০২৭ সালের নির্বাচন ঘিরে অপতথ্য ছড়ানোর অভিযোগ অস্বীকার করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

গত মাসে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার অবনতির প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। কয়েকটি স্থানে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক দশকের মধ্যে দেশটির ভয়াবহতম সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এ অস্থিরতাকে বিবেচনা করা হচ্ছে।

৭-২১ অক্টোবে ছড়ানো তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এ মূল্যায়নে প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের নেতৃত্বকে দুর্বল ও ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে রাশিয়া।

ইইউর কূটনৈতিক বিভাগের অপতথ্যবিষয়ক বিশেষজ্ঞদের তৈরি এবং সীমিত পরিসরে প্রচারিত ওই নথিতে বলা হয়েছে, এ ধরনের ঘটনা জাতীয় সরকারগুলোকে দুর্বল করা, মানুষের মধ্যে ভয় ও বিভাজন উসকে দেয়া এবং নির্বাচনের আগে জনমতকে প্রভাবিত করার সুযোগ তৈরি করে।

তবে মস্কো কিংবা অন্য কোনো বহিরাগত পক্ষ বিক্ষোভের সূত্রপাত ঘটিয়েছে বা এর ব্যাপ্তি বাড়িয়েছে—এমন কোনো প্রমাণ পায়নি ইইউ।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল্যায়ন অনুযায়ী, ১৬-১৮ অক্টোবর পর্যন্ত দেশটির অস্থিরতা নিয়ে রাশিয়াপন্থী বলয়ের সবচেয়ে বেশি দেখা ১০টি এক্স পোস্ট মোট ২৮ লাখবার দেখা হয়েছে।

তবে মাগা আন্দোলন এবং ইসরায়েলি কর্মকর্তা ও প্রভাবশালীদের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর পোস্টে এ সংখ্যার চেয়ে অনেক বেশি দর্শক ছিল।

ফরাসি মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে মাগা-সংশ্লিষ্ট কর্মকর্তা, সংবাদমাধ্যম ও প্রভাবশালীদের প্রকাশিত সবচেয়ে বেশি দেখা ১০টি পোস্ট ৪ কোটি ৯০ লাখের বেশি ভিউ পেয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তা, সরকারি অ্যাকাউন্ট, সংবাদমাধ্যম ও প্রভাবশালীদের সবচেয়ে বেশি দেখা ১০টি পোস্টের ভিউ ছিল ৩ কোটি ৫০ লাখের বেশি।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান র‍্যান্ড করপোরেশনের জ্যেষ্ঠ রাজনৈতিক বিজ্ঞানী এলিনা ট্রেইগার বলেন, এ ধরনের প্রচারাভিযান মূলত দীর্ঘমেয়াদি ‘বয়ান প্রতিযোগিতা’র অংশ। সময়ের সঙ্গে সঙ্গে এসব প্রচারণা ইউরোপসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে পশ্চিমা গণতন্ত্র সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি প্রভাবিত করতে পারে।

তার মতে, এসব প্রচারণা অভিবাসনবিরোধী মনোভাবকে উসকে দেয়, যা ইউরোপের ভোটারদের রাজনৈতিকভাবে চরমপন্থী অবস্থানের দিকে ঠেলে দিচ্ছে।

তবে ফ্রান্স ও ইইউর কোনো প্রতিবেদনেই উত্থাপিত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

মন্তব্য জানতে চাইলে ফরাসি কর্মকর্তারা রয়টার্সকে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ২১ অক্টোবরের বক্তব্যের দিকে নির্দেশ করেন। ওই দিন মাখোঁ বলেছিলেন, বিক্ষোভের পেছনে সরাসরি বিদেশী হস্তক্ষেপের কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি। তবে ‘তথ্য নিয়ে বিদেশী কারসাজি’ হয়েছে।

ইইউর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সক্রিয় ‘অপারেশন ওভারলোড’ পশ্চিমা বিভিন্ন ‘জনপরিচিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমকে’ লক্ষ্য করে তৎপরতা চালাচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইউক্রেনের তুলনায় ইউরোপীয় সরকারগুলো নিজেদের অভ্যন্তরীণ সমস্যাকে বেশি গুরুত্ব দিচ্ছে—এমন ধারণা ছড়িয়ে ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন দুর্বল করার লক্ষ্যেও কাজ করছে নেটওয়ার্কটি।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে অপারেশন ওভারলোডকে ‘ধারাবাহিক ও ব্যাপক পরিসরের রুশ তথ্য অভিযান’ হিসেবে বর্ণনা করে। প্রতিষ্ঠানটির মতে, বিশ্বস্ত সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠানের পরিচয় নকল করে বিভেদ, বিভ্রান্তি ও অবিশ্বাস তৈরির চেষ্টা করে এ নেটওয়ার্ক।

প্রতিষ্ঠানটি জানায়, সংবাদ প্রতিবেদনের আদলে ভিডিও তৈরি ও প্রচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশেষজ্ঞদের কণ্ঠস্বর নকল, সংবাদপত্রের শিরোনাম জাল এবং ছবি বিকৃত করার মতো কৌশল ব্যবহার করে তারা। বিভিন্ন দেশের সংকট ও বিতর্ককে কাজে লাগাতে এক দেশ থেকে অন্য দেশে তাদের তৎপরতা স্থানান্তরিত হয়।

ফ্রান্সের অপতথ্য পর্যবেক্ষণ সংস্থা ভিজিনাম ২০২৪ সালে অপারেশন ওভারলোড এবং একই ধরনের রুশ তৎপরতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। ফরাসি কর্মকর্তাদের ভাষ্য, বিক্ষোভ, নির্বাচন কিংবা ফ্রান্সের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুযোগ তৈরি হলে এ ধরনের প্রচারাভিযান আবার সক্রিয় হয়ে ওঠে।

আরও