চিলির প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির কট্টর ডানপন্থী নেতা হোসে আন্তোনিও কাস্ত জয়ী হয়েছেন। রোববার অনুষ্ঠিত রানঅফ ভোটে তিনি ৫৮ শতাংশ ভোট পেয়ে বামপন্থী জোট সমর্থিত প্রার্থী জ্যানেট জারাকে পরাজিত করেন। ৪২ শতাংশ ভোট পেয়েছেন জারা। তিনি পরাজয় স্বীকার করে নিয়েছেন। খবর এপি।
এই জয়ের মধ্য দিয়ে সামরিক শাসনের অবসানের (১৯৯০) পর চিলি সবচেয়ে বড় ডানমুখী রাজনৈতিক পরিবর্তনের পথে এগোল। নির্বাচনী প্রচারে কাস্ত অপরাধ বৃদ্ধি ও অবৈধ অভিবাসনকে প্রধান ইস্যু করেন। তিনি সীমান্তে দেয়াল নির্মাণ, অপরাধপ্রবণ এলাকায় সেনা মোতায়েন এবং অবৈধ অভিবাসীদের বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।
সান্তিয়াগোতে বিজয় ভাষণে কাস্ত বলেন, ‘নিরাপত্তা ছাড়া শান্তি নেই, শান্তি ছাড়া গণতন্ত্র নেই।‘ তবে তিনি স্বীকার করেন, দ্রুত সমাধানের কোনো ‘জাদুকরি উপায়’ নেই।
বিশ্লেষকদের মতে, অপরাধ ও অভিবাসন নিয়ে জনমনে উদ্বেগ এবং কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ায় জারার প্রতি অনাস্থাই কাস্তের জয়ের বড় কারণ। যদিও সংসদ বিভক্ত থাকায় কাস্তের কঠোর নীতিগুলো বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
কাস্তের এই বিজয় লাতিন আমেরিকায় ডানপন্থার পুনরুত্থানের সাম্প্রতিক ঢেউয়ের সর্বশেষ উদাহরণ। এর আগে ইকুয়েডরের ড্যানিয়েল নোবোয়া, এল সালভাদরের নায়িব বুকেলে এবং আর্জেন্টিনার হাভিয়ের মিলেইও নির্বাচিত হয়েছেন।