যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা, হামলা বন্ধ রেখে আলোচনায় ফেরার সিদ্ধান্ত

গত বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ইরানের একটি প্রজেক্টাইল আঘাত হানার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকে ওয়াশিংটন ও তেহরান উভয়ই একে অপরের বিরুদ্ধে ১৭ জুন কার্যকর হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে

উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সংঘাত বন্ধ রাখতে এবং হরমুজ প্রণালি নিয়ে চলমান বিরোধের সমাধানে ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। গতকাল এ তথ্য দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। এতে কয়েক দিনের পাল্টাপাল্টি হামলার চাপে থাকা অন্তর্বর্তী শান্তি চুক্তি টিকে থাকা নিয়ে আশা তৈরি হয়েছে। খবর রয়টার্স।

ওই কর্মকর্তা বলেন, ‘সমঝোতা স্মারকের (এমওইউ) সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে। আপাতত উভয় পক্ষই হামলা থেকে বিরত থাকবে এবং জাহাজ স্বাধীনভাবে চলাচল করতে পারবে।’

১৭ জুন স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন ওই কর্মকর্তা। এর আওতায় হরমুজ প্রণালি আবার আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছিল।

খবরটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার কাতারে দুই পক্ষের আলোচনা পুনরায় শুরু হবে।

গত বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ইরানের একটি প্রজেক্টাইল আঘাত হানার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকে ওয়াশিংটন ও তেহরান উভয়ই একে অপরের বিরুদ্ধে ১৭ জুন কার্যকর হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

গতকাল ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুদ্ধবিরতির শর্ত না মানলে ইরানের অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে।

এদিকে গতকাল ইসরায়েল জানায়, তারা আবারো লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থানে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের একটি গ্রামে গোষ্ঠীটির ব্যবহৃত ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

এই হামলার এক দিন আগেই শনিবারও ইসরায়েল একই ধরনের হামলা চালিয়েছিল। সেটি হয়েছিল শুক্রবার লেবানের সঙ্গে নতুন যুদ্ধবিরতি চুক্তির পরপরই। ইরান বলেছে, বৃহত্তর শান্তি চুক্তি কার্যকর রাখতে হলে লেবাননের সংঘর্ষও বন্ধ করতে হবে।

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, হরমুজ প্রণালিতে একটি জ্বালানি ট্যাংকারে হামলার কয়েক ঘণ্টা পর তারা আবারো ইরানে হামলা চালিয়েছে।

হামলার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, ‘এমন একটি সময় আসতে পারে যখন আমাদের আর সংযত থাকা সম্ভব হবে না এবং আমরা সামরিকভাবে সেই কাজ সম্পূর্ণ করতে বাধ্য হব, যা আমরা অত্যন্ত সফলভাবে শুরু করেছি।’

তিনি আরো লেখেন, ‘যদি তা ঘটে, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।’

১৭ জুনের ১৪ দফার অন্তর্বর্তী শান্তি চুক্তির লক্ষ্য ছিল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধ করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই সামরিক অভিযান শুরু করেছিল। একই সঙ্গে চুক্তিতে হরমুজ প্রণালি আবারো নৌ চলাচলের জন্য খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা ছিল।

আরও