দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তিন লাখের বেশি মার্কিন ভিসা বাতিল করেছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ট্রাম্প প্রশাসনের ব্যাপক অভিবাসনবিরোধী অভিযানের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোয় ভিসা বাতিলের গতি আরো বেড়েছে। গত ১০ আগস্ট প্রকাশিত হিসাবে এ সংখ্যা ছিল ১ লাখ ৭৫ হাজারের কিছু বেশি। অর্থাৎ মাত্র দুই মাসের কিছু বেশি সময়ে বাতিলের সংখ্যা বেড়েছে প্রায় সোয়া লাখ।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইতিহাসে কোনো প্রশাসনই এত দ্রুত এত বেশি ভিসা বাতিল করেনি। তার ভাষায়, ‘আইন ভঙ্গকারী, প্রতারণায় জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি—এমন বিদেশীদের ব্যাপারে প্রশাসনের নীতি জিরো টলারেন্স।’
ট্রাম্প প্রশাসনের দাবি, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেই এ কঠোর অভিবাসন নীতি। তবে মানবাধিকারকর্মীদের অভিযোগ, ন্যায়বিচারের প্রক্রিয়া ও বাকস্বাধীনতা লঙ্ঘন করে পরিচালিত হচ্ছে এ অভিযান, যাতে জাতিগত সংখ্যালঘুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনপন্থি বিদেশী শিক্ষার্থী ও রক্ষণশীল ভাষ্যকার চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যকারীদের ভিসা বাতিল নিয়ে তীব্র সমালোচনা হয়েছে।
ভিসা বাতিলের পাশাপাশি অভিবাসী ও আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই-বাছাইও কঠোর করেছে প্রশাসন। অধিকারকর্মীদের মতে, জাতীয় নিরাপত্তার অজুহাতে সমালোচকদের টার্গেট করা হচ্ছে; আর বিচ্ছিন্ন প্রতারণার ঘটনাকে পুঁজি করে মিনেসোটার সোমালি-আমেরিকানদের মতো গোটা অভিবাসী জনগোষ্ঠীকে নিশানা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও ট্রাম্প বৈধ অভিবাসনের পথও সংকুচিত করেছেন। নির্দিষ্ট কিছু কর্মভিসায় আরোপ করা হয়েছে বিপুল অংকের ফি।
বিশ্লেষকদের মতে, এ ভিসা বাতিলের ঢেউ সবচেয়ে বেশি আঘাত হেনেছে আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক ও দক্ষ কর্মীদের ওপর। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো এরই মধ্যে বিদেশী শিক্ষার্থী ভর্তিতে ধসের আশঙ্কা করছে, কারণ অনেকেই এখন বিকল্প হিসেবে কানাডা, অস্ট্রেলিয়া কিংবা ইউরোপের দেশগুলো বেছে নিচ্ছেন। এদিকে অভিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অনেকে নিয়মিত ভ্রমণ, পড়াশোনা এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ থেকেও নিজেদের গুটিয়ে নিচ্ছেন। খবর রয়টার্স