বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়

সুপার টাইফুন রাগাসা: তাইওয়ানে নিহত ১৪, হংকং ও দক্ষিণ চীনে সর্বোচ্চ সতর্কতা

টাইফুন রাগাসা ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যাচ্ছে।

অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো ১৮ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, হুয়ালিয়েন কাউন্টিতে এখনো ১২৪ জন নিখোঁজ রয়েছেন।

বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম সুপার টাইফুন রাগাসা পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাইওয়ানে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আরো অন্তত ১২৪ জন নিখোঁজ। একই সময়ে, হংকং এবং দক্ষিণ চীনের উপকূলীয় অঞ্চলগুলো সম্ভাব্য বিপর্যয় এড়াতে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। খবর রয়টার্স।

তাইওয়ানের পূর্ব প্রান্তের হুয়ালিয়েন কাউন্টিতে একটি বাঁধ মঙ্গলবার বিকালে ভেঙে পড়লে গুয়াংফু শহরে পানির স্রোত ঢুকে পড়ে। হুয়ালিয়েন কাউন্টির সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই ঘটনার পর অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো ১৮ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, হুয়ালিয়েন কাউন্টিতে এখনো ১২৪ জন নিখোঁজ রয়েছেন।

সুপার টাইফুন রাগাসা হংকংয়ের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে হেং ফা চুয়েন উপকূলীয় এলাকায় প্রচণ্ড ঢেউ আছড়ে পড়ছে। ছবি- এপি

টাইফুন রাগাসা ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে হংকং এবং চীনের দক্ষিণাঞ্চলের ১০টিরও বেশি শহরে স্কুল-কলেজ এবং ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। হংকংয়ে মঙ্গলবার এবং বুধবারের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়। যদিও নতুন নিয়ম অনুযায়ী শেয়ার বাজার খোলা রাখা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে হংকং বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট চলাচল করছে না। ক্যাথে প্যাসিফিক জানিয়েছে, তাদের ৫০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

হংকং অবজারভেটরি বুধবার রাত ২টা ৪০ মিনিটে তাদের সর্বোচ্চ টাইফুন সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে কিছু উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এএফপির একজন প্রতিবেদক জানিয়েছেন, হংকংয়ের হেং ফা চুয়েন আবাসিক এলাকার সমুদ্রতীরে প্রায় ৫ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে।

সুপার টাইফুন রাগাসার সময় পূর্ব তাইওয়ানে মাতাইয়ান সেতু ধসে পড়ার পর অবশিষ্ট কয়েকটি খুঁটি। ছবি- এপি

টাইফুনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চীনের গুয়াংডং প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে জানা গেছে। এরই মধ্যে শেনঝেন শহরে ৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি উদ্ধারকর্মী এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় কর্মী ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। অন্যান্য শহর যেমন চাওঝৌ, জুহাই, ডংগুয়ান এবং ফোশানেও একই ধরনের জরুরি ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণ হচ্ছে সমুদ্র, যার কারণে ঝড়গুলো আরো শক্তিশালী ও ধ্বংসাত্মক হচ্ছে।

আরও