প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধীর সঙ্গে আলোচনার বিস্তারিত বিবরণ দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং অভিযোগ করেছেন, বিরোধীদলীয় নেতা (রাহুল গান্ধী) নিজের দেয়া কথা থেকে সরে এসেছেন। সরকার তার প্রথম দাবি মেনে নেয়ার পর তিনি আরো একটি নতুন দাবি জুড়ে দিয়েছেন।
এনটিভির প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে যান জিতেন্দ্র সিং। সেখানে বিক্ষোভরত রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হয় তার। এ সময় দুই নেতাকে কয়েক মিনিট কথা বলতে দেখা যায়। তার চলে যাওয়ার পর কংগ্রেস সংসদ সদস্যরা জানান, তাদের আলোচনা ব্যর্থ হয়েছে এবং দলের দাবিগুলো পূরণ করা হয়নি।
সেই আলোচনায় কী হয়েছিল সে বিষয়ে ‘এক্স’-এ জিতেন্দ্র সিং লেখেন, বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মতো জ্যেষ্ঠ নেতারা ছিলেন বলেই সরকার তাকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছিল।
প্রতিমন্ত্রী বলেন, তিনি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন এবং রাহুল তাকে জানান, সরকার যদি সংসদে নিট ও অন্যান্য প্রশ্নফাঁস এবং সে সংক্রান্ত বিক্ষোভ নিয়ে আলোচনা করতে রাজি হয়, তবে তারা অবস্থান বিক্ষোভ তুলে নেবেন। কয়েক মুহূর্তের মধ্যেই সরকারের শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়ে রাহুল গান্ধীকে আশ্বস্ত করা হয়, তার দাবি মেনে নেয়া হয়েছে এবং সরকার সংসদে নিট সংক্রান্ত সমস্ত বিষয় ও এর সাথে জড়িত আন্দোলন নিয়ে আলোচনা করতে প্রস্তুত। সংসদে পরীক্ষা এবং এ সম্পর্কিত আন্দোলন সম্পর্কিত প্রতিটি বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল সরকার।
জিতেন্দ্র সিং অভিযোগ করেন, সরকার সংসদে আলোচনার প্রস্তাব মেনে নিয়েছে—এ বার্তা পৌঁছানোর পর রাহুল নতুন একটি শর্ত জুড়ে দেন। রাহুল গান্ধী তাকে জানান, এখন তার দুটি দাবি—সংসদে আলোচনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। নতুন দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের নিশ্চয়তাও চান তিনি।
ভিন্ন প্রতিবেদনে আনন্দবাজার অনলাইন জানায়, চারটি দাবিতে রাতভর ধর্নায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পাশাপাশি, পুলিশি অত্যাচারের দায় স্বীকার করে মোদী সরকারের ক্ষমাপ্রার্থনা, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি এবং কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বাদল অধিবেশনে আলোচনার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেসের অবস্থান পরিবর্তনের প্রেক্ষিতে জিতেন্দ্র সিং বলেন, তিনি রাহুল গান্ধীকে স্মরণ করিয়ে দেন, মাত্র কয়েক মুহূর্ত আগেই কেবল সংসদীয় আলোচনার দাবি জানিয়েছিলেন তারা। রাহুল জবাবে বলেন, এখন তার দাবি পরিবর্তন হয়েছে।
এরপর জিতেন্দ্র সিং রাহুল গান্ধীকে এতো দ্রুত অবস্থান পরিবর্তন না করার অনুরোধ জানান। তিনি বলেন, তাকে যখন নম্রভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে তার মতো একজন বর্ষীয়ান নেতার পক্ষে এভাবে নিজের কথা থেকে এতো দ্রুত সরে আসা শোভা পায় না, তখন তিনি বলেন যে এটি তার অধিকার (প্রিরোগেটিভ)।
জিতেন্দ্র আরো দাবি করেন, স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাহুলকে জানিয়েছিলেন, স্থানটি অবস্থান বিক্ষোভের জন্য উপযুক্ত নয়। জবাবে গান্ধী বলেন, কোথায় বসবেন তা বেছে নেয়াও তার অধিকার