মার্কিন প্রেসিডেন্টকে হত্যার যেকোনো ধরনের চেষ্টা করা হলে হাজারো ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরানকে গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। খবর রয়টার্স।
পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট—এক্ষেত্রে আমি, তাকে হত্যা বা হত্যার চেষ্টা করার জন্য বিশ্বজুড়ে ইরান সরকার যে হুমকি দিয়ে আসছে, তারা যদি সেই অনুযায়ী কোনো পদক্ষেপ নেয়, তবে তাদের দিকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানবে।
সামরিক প্রস্তুতির কথা উল্লেখ করে ট্রাম্প আরো বলেন, এরই মধ্যে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী আগামী এক বছর মেয়াদে (যা পরবর্তীতে বর্ধিত হতে পারে) পুরো ইরানে সম্পূর্ণরূপে ধ্বংস ও গুঁড়িয়ে দিতে পুরোপুরি প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি আমার কিছু হয়, তাহলে তাদের ওপর এতো বোমা ফেলা হবে, যা তারা আগে কখনো দেখেনি।
ট্রাম্প জানান, দীর্ঘদিন ধরেই তিনি ইরানের লক্ষ্যবস্তু। তার মতে, আমি অনেক দিন ধরেই তাদের তালিকায় আছি। আমাদের বিষয়টি মোকাবেলা করতে হচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় তাকে হত্যার আহ্বানসংবলিত কিছু ব্যানার প্রদর্শনের ঘটনাও উল্লেখ করে ট্রাম্প বলেন, তেহরান বহু বছর ধরেই তাকে হত্যার চেষ্টা করছে। সাক্ষাৎকারের শেষ দিকে ট্রাম্প বলেন, আমি আশা করি, আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।