টেসলা এবং স্পেসএক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বুধবার বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলারের কাছাকাছি নিট সম্পদের মালিক হয়েছেন। বৈদ্যুতিক গাড়ি (ইভি) কোম্পানি টেসলার শেয়ারের ঘুরে দাঁড়ানো এবং এই বছর তার অন্যান্য প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলোর মূল্যায়ন দ্রুত বৃদ্ধি পাওয়ায় তিনি এই মাইলফলক স্পর্শ করেছেন।
ফোর্বসের বিলিয়নেয়ার্স সূচক অনুসারে, গতকাল বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মাস্কের নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫০১ দশমিক ১ বিলিয়ন ডলারে।
মাস্কের ভাগ্য মূলত টেসলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টেসলায় তার ১২ দশমিক ৪%-এর বেশি অংশীদারত্ব ছিল। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম ১৪%-এর বেশি বেড়েছে এবং বুধবার এটি ৩ দশমিক ৩% উচ্চতায় গিয়ে বন্ধ হয়। এর ফলে মাস্কের নিট সম্পদে ৬ বিলিয়ন ডলারের বেশি যোগ হয়েছে।
বছরের শুরুতে কিছুটা অস্থিরতা থাকার পর, মাস্ক তার কোম্পানিগুলোর প্রতি মনোযোগ দেয়ায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে এবং টেসলার শেয়ারের দাম বেড়েছে। টেসলার বোর্ড চেয়ারম্যান রবিন ডেনহোম গত মাসে জানান, হোয়াইট হাউজে কয়েক মাস কাটানোর পর মাস্ক এখন কোম্পানির সামনে ও কেন্দ্রে ফিরে এসেছেন। এর কিছুদিন পরই মাস্ক নিজেই প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলা শেয়ার কিনে নেন, যা বিনিয়োগকারীদের কাছে ভবিষ্যতের প্রতি বড় আস্থার বার্তা দেয়।
তবে টেসলার জন্য সবটা সহজ ছিল না। গাড়ির বিক্রি কমে যাওয়া এবং মুনাফায় চাপ থাকায় কোম্পানিটি এখনো ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ টেক জায়ান্টদের মধ্যে অন্যতম দুর্বল পারফর্মার। এ অবস্থায় বোর্ড মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ পরিকল্পনা প্রস্তাব করেছে, যেখানে উচ্চাভিলাষী আর্থিক ও কার্যকরী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মাস্কের অন্য কোম্পানিগুলোও তার সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। জুলাইয়ে এক্সএআই-এর মূল্যায়ন ছিল ৭৫ বিলিয়ন ডলার। কিছু প্রতিবেদনে বলা হয়, নতুন তহবিল সংগ্রহের পর এর মূল্য দাঁড়াতে পারে ২০০ বিলিয়ন ডলারে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, স্পেসএক্স-এর মূল্যায়ন হতে পারে প্রায় ৪০০ বিলিয়ন ডলার।
ফোর্বসের তালিকায় মাস্কের পরে আছেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদ এখন প্রায় ৩৫০ দশমিক ৭ বিলিয়ন ডলার।