ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

২৪ আপডেট
  • ৫ মার্চ, ২০২৬

    দ্বিতীয় ইরানি জাহাজের ক্রুদের সরিয়ে নিল শ্রীলঙ্কা

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক জানিয়েছেন, তার দেশ একটি ইরানি নৌবাহিনীর জাহাজের ২০৮ জন ক্রু সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের একটি ফ্রিগেট ডুবে যাওয়ার একদিন পরই এ পদক্ষেপ নিল দেশটি। জাহাজটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    প্রেসিডেন্ট আরো জানান, শ্রীলঙ্কার নৌবাহিনী দ্বিতীয় জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে এটিকে উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি বন্দরে সরিয়ে নেবে।

  • ৫ মার্চ, ২০২৬

    ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশটির পরবর্তী নেতা নির্বাচনে আমার ব্যক্তিগতভাবে যুক্ত থাকা উচিত।

    অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া ইরান যদি কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তবে তারা কেবল সময় নষ্ট করবে।

    তিনি স্বীকার করেছেন, নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ব্যাপকভাবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এ ফলাফল মেনে নেবেন না।

    মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, খামেনির ছেলে অত্যন্ত সাধারণ বা গুরুত্বহীন ব্যক্তি। সেখানকার সর্বোচ্চ নেতা নিয়োগ প্রক্রিয়ায় আমাকে যুক্ত হতে হবে।

    ট্রাম্প আরো বলেন, কোনো নতুন ইরানি নেতা যদি আগের নেতৃত্বের নীতি অনুসরণ করে চলেন, তবে তিনি তাকে প্রত্যাখ্যান করবেন। তিনি সতর্ক করে বলেন, এমনটা করা হলে আগামী 'পাঁচ বছরের মধ্যে' যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধের ঝুঁকি তৈরি হবে।

    তিনি আরো বলেন, খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন কাউকে চাই, যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন।

    সূত্র- আল জাজিরা

  • ৫ মার্চ, ২০২৬

    হামলায় ইরানের একটি স্টেডিয়াম ধ্বংস, দাবি আইআরআইবি'র

    ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, তেহরানের একটি ক্রীড়া স্টেডিয়াম হামলায় 'ধ্বংস' হয়ে গেছে।

    ধারণা করা হচ্ছে, এটি আজাদি ইনডোর স্টেডিয়াম, যেখানে দাঁড়িয়ে প্রায় ১২ হাজার মানুষ খেলা দেখতে পারেন। এটি দেশের সবচেয়ে বড় ক্রীড়া ভেন্যু আজাদি স্টেডিয়াম কমপ্লেক্সের অংশ।

    ইরানের বার্তা সংস্থা তাসনিম একটি ভিডিও প্রচার করেছে, যেখানে স্টেডিয়ামের ভেঙে পড়া গ্যালারি ও ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

    এক পোস্টে আইআরআইবি বলেছে, স্টেডিয়ামে কোনো পারমাণবিক বোমা বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি হয় না।

    অন্যদিকে, ইসরায়েলের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্ট থেকেও স্টেডিয়ামের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে গাড়ি পার্কিং এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

    তাদের দাবি, ওই এলাকা ইরানের সরকারি বাহিনী ব্যবহার করছিল।

    সূত্র- বিবিসি

  • ৫ মার্চ, ২০২৬

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ইরানে ক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি।

    চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন মানুষকে আশ্বস্ত করার জন্য আজ এক সংবাদ সম্মেলনে তিনি তার ওই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। সেখানে তিনি বলেন, আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।

    এ মন্তব্যের মধ্য দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

    স্টারমার বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে।

    তিনি বলেন, এ কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি, যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেয়া হয়েছে, এবং আমি এই সিদ্ধান্তে অটল।

    সূত্র- বিবিসি বাংলা

  • ৫ মার্চ, ২০২৬

    হরমুজ প্রণালী বন্ধের দাবি ‘ভিত্তিহীন’: ইরান

    তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, এমন দাবি অস্বীকার করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। তারা এ অভিযোগকে 'ভিত্তিহীন ও হাস্যকর' বলে অভিহিত করেছে।

    এর আগে সোমবার ইরানের সরকারি গণমাধ্যম জানিয়েছিল, হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হয়েছে এবং সেখান দিয়ে চলাচলের চেষ্টা করা যেকোনো জাহাজে ইরান হামলা চালাবে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের জাতিসংঘ মিশন জোর দিয়ে বলেছে, দেশটি আন্তর্জাতিক আইন এবং নৌ-চলাচলের স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তারা উল্টো দাবি করেছে, যুক্তরাষ্ট্রই সমুদ্রসীমার নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে।

    বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, ১৩০ জন নাবিক নিয়ে ভারত সফরে থাকা ইরানের ফ্রিগেট ‘দেনা’কে কোনো সতর্কবার্তা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

    ইরান দাবি করেছে, ওই হামলায় ১০০ জনেরও বেশি নাবিক নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক আইন এবং নৌ-চলাচলের স্বাধীনতার মূলনীতির চরম লঙ্ঘন।

    সূত্র- আল জাজিরা

  • ৫ মার্চ, ২০২৬

    ত্রিপোলিতে হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে চালানো হামলার মাধ্যমে হামাস কমান্ডার ওয়াসিম আত্তাল্লাহ আলিকে হত্যা করেছে।

    টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, নৌবাহিনীর অভিযানে আলিকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়ার অভিযোগ এনেছে ইসরায়েল। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    এর আগে আল জাজিরা জানায়, ইসরায়েল লেবাননে তাদের হামলার পরিধি ব্যাপকভাবে বাড়িয়েছে এবং এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন।

  • ৫ মার্চ, ২০২৬

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

    লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বোমা হামলায় হতাহতের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে।

    লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১০২ জন নিহত এবং ৬৩৮ জন আহত হয়েছেন।

    মন্ত্রণালয় সতর্ক করে বলেছে , হাসপাতালগুলোতে আরো আহত মানুষ আসায় নিহতের এ সংখ্যা আরো বাড়তে পারে।

    সূত্র- আল জাজিরা

  • ৫ মার্চ, ২০২৬

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ৩,৬০০টিরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: ইরান

    ইরানি রেড ক্রিসেন্টের দেয়া তথ্যের বরাতে দেশটির সরকার (এক্স-এ) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় দেশটিতে ৩ হাজার ৬০০টিরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ইরানি রেড ক্রিসেন্টের প্রধানের দেয়া রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত ৩,৬৪৩টি বেসামরিক স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩,০৯০টি ঘরবাড়ি, ৫২৮টি বাণিজ্যিক কেন্দ্র, ১৩টি চিকিৎসা স্থাপনা এবং ৯টি রেড ক্রিসেন্ট কেন্দ্র।

    ওই কর্মকর্তা জানান, খাতাম হাসপাতাল, গান্ধী হাসপাতালসহ বেশ কয়েকটি বড় হাসপাতাল এবং অন্যান্য পুনর্বাসন ও কল্যাণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় হাসপাতালের কাঠামো ধসে পড়ায় বেশ কিছু রোগী আহত হয়েছেন। এছাড়া ওয়ালিআসর বার্ন হাসপাতালের মতো স্থাপনাগুলো অকেজো হয়ে পড়েছে।

    ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ক্ষয়ক্ষতির এই নথিভুক্ত রিপোর্টগুলো সম্ভাব্য আইনি পদক্ষেপের জন্য রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় জমা দেয়া হয়েছে।

    সূত্র: আল জাজিরা

  • ৫ মার্চ, ২০২৬

    ১২ ঘণ্টার জন্য ইরান সীমান্তবর্তী আকাশসীমা বন্ধ করল আজারবাইজান

    ইরানি ড্রোন নিজ ভূখণ্ডে প্রবেশ করার খবরের পর আজারবাইজান তাদের দক্ষিণ সীমান্তের আকাশসীমার একটি অংশ ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে।

    ইরান থেকে আসা ড্রোন সীমান্ত অতিক্রম করে দেশটির স্বায়ত্তশাসিত ছিটমহল নাখচিভানে আঘাত হানার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে। ওই হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেসামরিক নাগরিকরা আহত হয়েছেন বলে আজারবাইজান জানিয়েছে।

    তবে ইরান এ ঘটনার দায় অস্বীকার করেছে এবং জানিয়েছে, তারা প্রতিবেশী দেশগুলোয় হামলা চালায়নি।

  • ৫ মার্চ, ২০২৬

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের ১১টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত

    ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ১১টি হাসপাতাল, ৭টি জরুরি সেবা কেন্দ্র, ৯টি অ্যাম্বুলেন্স এবং আরো ৪টি চিকিৎসা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইরানে স্বাস্থ্যসেবা খাতের ওপর ১৩টি হামলার সত্যতা নিশ্চিত করেছিল।

  • ৫ মার্চ, ২০২৬

    প্রয়োজনে হরমুজ প্রণালীতে ট্যাংকারগুলোকে নিরাপত্তা দেবে মার্কিন নৌবাহিনী: হোয়াইট হাউস

    হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, প্রয়োজন হলে তিনি মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দেয়ার নির্দেশ দেবেন।

    ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুদ্ধ চলাকালীন গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ ঘোষণা করেছে এবং সেখান দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে হামলার হুমকি দিয়েছে।

    লেভিট আরো জানান, ট্রাম্প ঘোষণা করেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে বা এর আশেপাশে চলাচলকারী অপরিশোধিত তেলবাহী জাহাজ এবং কার্গো জাহাজগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের 'ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশন' থেকে 'খুবই সুলভ মূল্যে' রাজনৈতিক ঝুঁকি বিমা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

  • ৫ মার্চ, ২০২৬

    বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, বিশ্বব্যাপী বাজারে এ হামলার প্রভাব পড়েছে, দাম বেড়েছে জ্বালানির, মুদ্রার বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে।

    তিনি আরো বলেন, আমাদের ইরানিদের জন্য এ যুদ্ধের মূল্য পরিমাপের বাইরে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে আমাদের দেশের মানুষকে। কারণ হামলাকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক এলাকা এবং এমন সব স্থানকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যেখানে সর্বোচ্চ পরিমাণ প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি করা সম্ভব।

    এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ধ্বংস করতে চাইছেন।

  • ৫ মার্চ, ২০২৬

    মারকাবার কাছে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

    হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের মারকাবা শহরের কাছে অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

    এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, মানারা সাইট থেকে একটি ইসরায়েলি বাহিনীকে শহরের দিকে অগ্রসর হতে দেখার পর দুপুর সাড়ে ১২ টার দিকে তাদের যোদ্ধারা ওই সেনাদের লক্ষ্যবস্তু করে।

    হিজবুল্লাহর দাবি অনুযায়ী, দুটি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলি বাহিনীর ওপর আঘাত হেনেছে। তারা এ হামলাকে বৈরুতের দক্ষিণ শহরতলীসহ লেবাননের বিভিন্ন শহর ও নগরে ইসরায়েলি হামলার একটি জওয়াব বা প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।

  • ৫ মার্চ, ২০২৬

    ইরাকে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলার দাবি ইরানের সামরিক বাহিনীর

    ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম খবরটি প্রকাশ করেছে।

    সূত্র: আল জাজিরা

  • ৫ মার্চ, ২০২৬

    ইরানের পারান্দে দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা: গণমাধ্যম

    ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, তেহরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পারান্দ শহরের দুটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

    সংস্থাটি একটি শ্রেণিকক্ষ এবং এর চারপাশের ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে। তারা আরও জানিয়েছে যে, হামলার ফলে কাছাকাছি থাকা বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • ৫ মার্চ, ২০২৬

    ‘ন্যক্কারজনক’ ড্রোন হামলার জন্য ইরানকে ক্ষমা চাইতে হবে: আজারবাইজানের প্রেসিডেন্ট

    আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, দেশটির স্বায়ত্তশাসিত ছিটমহল নাখচিভানে ড্রোন হামলায় দুজন আহত হওয়ার ঘটনায় ইরানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং এর জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

    এ ঘটনা নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন উল্লেখ করে প্রেসিডেন্টের ওয়েবসাইটে দেয়া এক পোস্টে আলিয়েভ বলেন, নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দর, এর টার্মিনাল ভবন, একটি স্কুল এবং অন্য এলাকা ইরানের 'কাপুরুষোচিত হামলার' শিকার হয়েছে।

    বিবৃতিতে আলিয়েভ বলেন, নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক স্থাপনা।

    তিনি আরো বলেন, আজারবাইজান রাষ্ট্র এ ন্যক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং যারা এটি করেছে তাদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

    এ ঘটনার পর আজারবাইজান বাকুতে অবস্থিত ইরানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে। তবে তেহরান এ হামলার দায় অস্বীকার করেছে।

  • ৫ মার্চ, ২০২৬

    ইরান সংকট আরো কয়েক মাস স্থায়ী হতে পারে: ব্রিটিশ মন্ত্রী

    যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার পার্লামেন্টে বলেছেন, ইরান সংকট আরো কয়েক মাস ধরে চলার সম্ভাবনা রয়েছে।

    তিনি আরো বলেছেন, পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এটি মাত্র কয়েক দিনের বিষয় নয়, বরং কয়েক সপ্তাহ এবং সম্ভবত কয়েক মাস স্থায়ী হতে পারে।

  • ৫ মার্চ, ২০২৬

    মধ্যপ্রাচ্য সংঘাতে হতাহতের সর্বশেষ

    ইরান: শনিবার মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও স্টাফসহ অন্তত ১,২৩০ জন নিহত হয়েছেন।

    ইসরায়েল: ১ মার্চ বেইত শেমেশ-এ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জনসহ মোট ১১ জন নিহত হয়েছেন।

    যুক্তরাষ্ট্র: ৬ জন মার্কিন সার্ভিস মেম্বার (সেনাসদস্য) নিহত হয়েছেন।

    লেবানন: গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন।

    বাহরাইন: একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আগুন লেগে একজন নিহত হয়েছেন।

    কুয়েত: দেশটিতে ইরানি হামলায় দুই কুয়েতি সেনাসহ চারজন নিহত হয়েছেন।

    ওমান: ওমান উপকূলে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি ট্যাংকারে প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা গোলা) আঘাত হানায় একজন নিহত হয়েছেন।

    সংযুক্ত আরব আমিরাত: ৩ জন নিহত হয়েছেন।

  • ৫ মার্চ, ২০২৬

    তিন দেশের ২০টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা: আইআরজিসি

    ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচের তিন দেশে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

    সূত্র: আল জাজিরা।

  • ৫ মার্চ, ২০২৬

    ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১,২৩০

    ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৩০ জনে দাঁড়িয়েছে।

    সূত্র: আল জাজিরা

  • ৫ মার্চ, ২০২৬

    মার্কিন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান

    ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) বলেছে, তারা উপসাগরে একটি মার্কিন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।

    আইআরজিসির জনসংযোগ বিভাগের বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানের নৌবাহিনী সফলভাবে একটি আমেরিকান তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।

    এর বাইরে এ বিষয়ে আর কোনোও তথ্য দেয়নি ইরনা।

  • ৫ মার্চ, ২০২৬

    ইউরোপের জন্য হুমকি হয়ে ওঠার ‘খুব কাছাকাছি’ ইরান: ন্যাটো প্রধান

    ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইরান ইউরোপের জন্য হুমকি হয়ে ওঠার 'খুব কাছাকাছি' পৌঁছে গেছে। একই সঙ্গে তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার পদক্ষেপ নেয়ায় তিনি ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

    ন্যাটো প্রধান জোর দিয়ে বলেছেন, ইরান যেন আর কোনো হুমকি সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ৫ মার্চ, ২০২৬

    ইরাকের খোর আল-জুবায়ের বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলা

    ইরাকের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইরাকের খোর আল-জুবায়ের বন্দরে বাহামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে একটি বোট বা নৌযান আঘাত করেছে। এর ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেল নিঃসরণ শুরু হয়েছে।

  • ৫ মার্চ, ২০২৬

    ৭০টির বেশি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার তথ্য জানালো বাহরাইন

    গত সপ্তাহ থেকে শুরু হওয়া ইরানি হামলায় এ পর্যন্ত ৭৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২৩টি ড্রোন ধ্বংস করেছে বাহরাইন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছে, ইরানের নির্মম সন্ত্রাসী হামলাকে সফলভাবে প্রতিহত করা হয়েছে।

    জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরিয়ে নাগরিকদের ঘরে থাকতে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি বলে উল্লেখ করেছে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে দেশটিতে চালানো ইসরায়েলি হামলায় মোট ৭৭ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছেন।

আল জাজিরা এরই মধ্যে জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। যার মধ্যে দক্ষিণাঞ্চলীয় গ্রাম কাফার তেবনিতে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে এর আগের খবরগুলো জানতে এখানে ক্লিক করুন...

আরও