ইউরোপজুড়ে যাত্রীবাহী ফ্লাইটে ফের বোমা হামলার হুমকি

কোনো দেশই এসব হুমকির জন্য কাউকে দায়ী করেনি। তবে এমন এক সময়ে এসব ঘটনা ঘটছে, যখন ইউরোপের কর্মকর্তারা রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ‘হাইব্রিড হামলা’ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলছেন। মস্কো ও তেহরান উভয়েই এ ধরনের অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করেছে

ইউরোপজুড়ে যাত্রীবাহী উড়োজাহাজে আবারো ধারাবাহিক বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো আজ সকালে এসব হুমকি পায় এয়ারলাইনস সংস্থাগুলো। এতে বেশ কয়েকটি ফ্লাইটকে নির্ধারিত গন্তব্যের বাইরে অবতরণ করতে হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হুমকির সত্যতা পাওয়া যায়নি। খবর রয়টার্স।

কোনো দেশই এসব হুমকির জন্য কাউকে দায়ী করেনি। তবে এমন এক সময়ে এসব ঘটনা ঘটছে, যখন ইউরোপের কর্মকর্তারা রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ‘হাইব্রিড হামলা’ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলছেন। মস্কো ও তেহরান উভয়েই এ ধরনের অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

আইরিশ সংস্থা অ্যার লিঙ্গাস জানিয়েছে, বৃহস্পতিবার ডাবলিন থেকে রোমগামী তাদের ইআই৪০২ ফ্লাইটটি নিরাপত্তার স্বার্থে গতিপথ পরিবর্তন করে প্যারিসের পশ্চিমে এভরু বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বুলগেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বোমা হামলার হুমকির কারণে তিনটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোপেনহেগেন ও মাদ্রিদ থেকে আসা দুটি উড়োজাহাজ নিরাপদে রাজধানী সোফিয়ায় অবতরণ করেছে। এছাড়া লন্ডন থেকে আসা তৃতীয় আকাশযানটি গতিপথ থেকে সরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর প্লভদিভে অবতরণ করে।

চেক প্রজাতন্ত্র, ইতালি ও পোল্যান্ডেও বোমা হামলার হুমকি

চেক পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে, বৃহস্পতিবার প্রাগগামী চারটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। তবে হুমকিগুলোর বিশ্বাসযোগ্যতা কম বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ।

এদিকে হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনিশ সংস্থা ফিনএয়ারের একটি ফ্লাইটকে নিরাপদে অবতরণে সহায়তা করেছে ইতালির বিমানবাহিনী। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। একই সংস্থার আরেকটি ফ্লাইট হেলসিঙ্কি থেকে ভিয়েনায় স্বাভাবিকভাবে অবতরণ করে। জেটটাইম পরিচালিত ওই ফ্লাইটেও বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছিল বলে জানিয়েছে ফিনএয়ার।

পোল্যান্ডের এয়ারলাইনস সংস্থা লট জানিয়েছে, ওয়ারশ থেকে ব্রাসেলসগামী তাদের একটি উড়োজাহাজে নিরাপত্তা সতর্কতার পর গন্তব্যে নিরাপদে অবতরণ করেছে। তবে সেখানে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

এছাড়া প্যারিসগামী লটের আরেকটি ফ্লাইট উড্ডয়নের জন্য রানওয়েতে যাওয়ার সময় থামিয়ে দেয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে স্থানান্তর করা হয়।

ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, মিলান থেকে ওয়ারশগামী উইজ এয়ারের একটি ফ্লাইটেও বোমা হামলার হুমকি দেয়া হয়। পরে সেটি ভিয়েনায় অবতরণ করতে বাধ্য হয়।

এর আগে গত মঙ্গলবার অন্তত সাতটি ফ্লাইট ও একটি প্রমোদতরিতে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। এতে ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে বিঘ্ন সৃষ্টি হয়। তবে কোথাও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

এ সপ্তাহে ইউরোপের কয়েকটি দেশের সুপারমার্কেটে সাইবার হামলার মাধ্যমে রেফ্রিজারেটর ব্যবস্থাও অচল করে দেয়া হয়। কিছু বিশেষজ্ঞের ধারণা, ভুয়া বোমা হামলার হুমকিগুলোও স্বল্প ব্যয়ে বিঘ্ন সৃষ্টি এবং দায় অস্বীকারের সুযোগ রেখে বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টার অংশ হতে পারে।

আরও