বিভিন্ন ক্যাটাগরির ভিসা, সেটেলমেন্ট আবেদন ও স্পন্সর লাইসেন্সের ওপর অভিবাসন ও নাগরিকত্ব সংক্রান্ত ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য। আগামী ৮ এপ্রিল থেকে বর্ধিত এ ফি কার্যকর হবে। খবর ইকোনমিক টাইমস।
দেশটির হোম অফিসের নতুন নির্দেশনা অনুযায়ী, বেশিরভাগ আবেদন ফি ৬-৭ শতাংশ পর্যন্ত বাড়বে। পদক্ষেপটি চাকরি, পড়াশোনা ও ভিজিট ভিসার পাশাপাশি নিয়োগকর্তাদের স্পনসরশিপ খরচেও প্রভাব ফেলবে।
এ সংশোধন এমন একটি নীতির ধারাবাহিকতা, যেখানে অভিবাসন ব্যয়ের বড় অংশ আবেদনকারী ও নিয়োগকর্তাদের বহন করতে হচ্ছে। এর আগে গত বছর ইমিগ্রেশন স্কিলস চার্জ ও ইমিগ্রেশন হেলথ সারচার্জ বাড়িয়েছিল যুক্তরাজ্য।
নতুন কাঠামো অনুযায়ী, গুরুত্বপূর্ণ ভিসা ক্যাটাগরিগুলোর ফি মধ্যম হারে বাড়বে। তিন বছর মেয়াদি স্কিলড ওয়ার্কার ভিসার ফি ৭৬৯ পাউন্ড থেকে বেড়ে ৮১৯ পাউন্ড হচ্ছে। এর বেশি মেয়াদে ১ হাজার ৫১৯ পাউন্ড থেকে বেড়ে হবে ১ হাজার ৬১৮ পাউন্ড। শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে ৫৫৮ পাউন্ড হবে, আগে আগে ছিল ৫২৪ পাউন্ড। এছাড়া ৬ মাসের ভিজিট ভিসা ফি ১২৭ পাউন্ড থেকে বেড়ে হবে ১৩৫ পাউন্ড।
প্রতিবেদনে আরো বলা হচ্ছে, যে বিদেশীরা এরই মধ্যে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তাদেরও গুণতে হবে বাড়তি ফি। ৩ বছর পর্যন্ত স্কিলড ওয়ার্কার ভিসা ৮৮৫ পাউন্ড থেকে বেড়ে ৯৪৩ পাউন্ড হবে। এর বেশি মেয়াদি হলে ১ হাজার ৭৫১ পাউন্ড থেকে বেড়ে হবে ১ হাজার ৮৬৫ পাউন্ড। অনির্দিষ্টকাল যুক্তরাজ্যে বসবাসের অনুমতির ক্ষেত্রে ফি বেড়ে হচ্ছে ৩ হাজার ২২৬ পাউন্ড, যা আগে ছিল ৩ হাজার ২৯ পাউন্ড।
ব্রিটিশ সরকারের নির্দেশনা অনুসারে নিয়োগকর্তাদের খরচও উল্লেখযোগ্য হারে বাড়ছে। বড় প্রতিষ্ঠানের ওয়ার্কার স্পন্সর লাইসেন্স ফি ১ হাজার ৫৭৯ পাউন্ড থেকে বেড়ে হচ্ছে ১ হাজার ৬৮২ পাউন্ড। ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫৭৪ পাউন্ড থেকে হচ্ছে ৬১১ পাউন্ড। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নির্ধারণ করা হয়েছে ২০ পাউন্ড, যা আগে ছিল ১৬ পাউন্ড।
হোম অফিস জানিয়েছে, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়তি এ ফি নির্ধারণ করা হয়েছে এবং একে ‘মধ্যম’ বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ধারাবাহিকভাবে ফি বাড়ানোর ফলে যুক্তরাজ্যে আন্তর্জাতিক কর্মী নিয়োগ ও স্থানান্তরের মোট খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।