জানুয়ারি-জুন

জাপানে ১১ বছর পর শিশু জন্মের সংখ্যা বাড়ল

চলতি বছর নবজাতকের সংখ্যা বাড়ার পেছনে বিয়ে বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪-২৫ সালে বিয়ের প্রবণতা বেড়েছে জাপানে। গত বছর বিদেশি নাগরিকদের সঙ্গে হওয়া বিয়েসহ মোট বিয়ে হয়েছে প্রায় ৫ লাখ ৫ হাজার। আগের বছরের তুলনায় এ সংখ্যা ১ দশমিক ১ শতাংশ বেশি।

জাপানে দীর্ঘ ১১ বছর পর জানুয়ারি থেকে জুন সময়ে জন্ম নেয়া শিশুর সংখ্যা বেড়েছে দশমিক ৮ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে ৩ লাখ ৪২ হাজার ৬৮ শিশু জন্ম নিয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২ হাজার ৭৮৮টি বেশি। গতকাল দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে। খবর নিক্কেই।

শিশুর জন্মের হিসাবে জাপানি নাগরিকদের পাশাপাশি বিদেশিদের সন্তান জন্মের তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, বছরের প্রথমার্ধে জন্মসংখ্যা বাড়ার ঘটনা ১১ বছর পর এই প্রথম।

জাপানে জন্মহার কমার প্রবণতা শুরু হয় ১৯৭৩ সাল থেকে। ওই বছর দেশটির দ্বিতীয় ‘বেবি বুম’-এর সময়ে ২০ লাখ ৯০ হাজার শিশু জন্ম নেয়। এরপর কয়েক দশক ধরে শিশুর জন্ম ধারাবাহিকভাবে কমেছে।

চলতি বছর নবজাতকের সংখ্যা বাড়ার পেছনে বিয়ে বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪-২৫ সালে বিয়ের প্রবণতা বেড়েছে জাপানে। গত বছর বিদেশি নাগরিকদের সঙ্গে হওয়া বিয়েসহ মোট বিয়ে হয়েছে প্রায় ৫ লাখ ৫ হাজার। আগের বছরের তুলনায় এ সংখ্যা ১ দশমিক ১ শতাংশ বেশি।

চলতি বছরের প্রথম ছয় মাসেও দেশটিতে বিয়ের সংখ্যা কিছুটা বেড়েছে। এ সময়ে ২ লাখ ৩৮ হাজার ৯৭৯টি বিয়ে হয়েছে দেশজুড়ে। আগের বছরের একই সময়ের তুলনায় যা দশমিক ২ শতাংশ বেশি।

এদিকে একই সময়ে জাপানে মৃত্যুর সংখ্যা কমেছে ৬ দশমিক ৯ শতাংশ। দেশটিতে জানুয়ারি থেকে জুন সময়ে মারা গেছে ৭ লাখ ৭৮ হাজার ৯৮২ জন।

আরও