ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৮

রাশিয়া মোট ৬৫৬টি ড্রোন এবং ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ছিল ৩৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আটটি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। হামলার প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে মঙ্গলবার ভোরে শত শত ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ১৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর রয়টার্স।

অন্যদিকে ক্রেমলিন বলেছে, বেসামরিক মানুষের ওপর ইউক্রেনীয় বাহিনীর ‘অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডের’ পর যুদ্ধ এখন ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করেছে। গত সপ্তাহে মস্কো কিয়েভে ধারাবাহিক হামলার সতর্কবার্তা দিয়ে বিদেশিদের শহর ত্যাগেরও আহ্বান জানিয়েছিল।

মঙ্গলবার প্রকাশিত ছবিতে দেখা যায়, কিয়েভের আকাশে বিশাল বিস্ফোরণ এবং উঁচু ভবনের ওপর ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। শহরটির মেয়র জানিয়েছেন, হামলায় কিয়েভে ছয়জন নিহত ও তিন শিশুসহ ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে হামলায় ১২ জন নিহত হয়েছেন। শহরটির একটি চারতলা অ্যাপার্টমেন্ট ভবনের অংশবিশেষ ধসে পড়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মোট ৬৫৬টি ড্রোন এবং ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ছিল ৩৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আটটি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। হামলার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ। সেখানে অন্তত নয়টি বহুতল ভবন, একটি কিন্ডারগার্টেন, একটি ক্লিনিক, বিভিন্ন অফিস ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কারণে সাময়িকভাবে প্রায় ১ লাখ ৪০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন।

এদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলও ইউক্রেনীয় হামলার মুখে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। ইউক্রেনের সামরিক বাহিনী এ হামলার দায় স্বীকার করেছে।

রুশ সংবাদমাধ্যমগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, রাতভর ১৪৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়া রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপল শহরের ওপরও ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে।

আরও