বাংলাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ ভারত বিবেচনা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এ ক্ষেত্রে নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নেয়া হবে।
আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের এ সংক্রান্ত প্রশ্নে তিনি এ কথা বলেন।
রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের একটি চলমান ব্যবস্থা রয়েছে। সেটি অব্যাহত আছে। তবে অতিরিক্ত সরবরাহের বিষয়ে বাংলাদেশের যে অনুরোধের কথা বলা হয়েছে, তা ভারতের নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে।
আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে প্রশ্নে মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর জন্য দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ রয়েছে। একই সঙ্গে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে গণমাধ্যমকে জানানো হবে।
এদিন সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন। এ সফর সামনে রেখে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে ঢাকা ও নয়াদিল্লি।
ওই প্রতিবেদনে আরো জানানো হয়, সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপক্ষীয় বাণিজ্য, কানেক্টিভিটি এবং জ্বালানি খাতের সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যু স্থান পেতে পারে।