তীব্র তাপপ্রবাহে জানালায় চকের প্রলেপ দিচ্ছেন ফরাসিরা, কেন?

চকের প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বোনেট, যা সূর্যালোক ও তাপ বহনকারী অতিবেগুনি ও নিকট-অবলোহিত রশ্মি কার্যকরভাবে প্রতিফলিত করতে পারে

রেকর্ড ভাঙা তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় ঘর ঠান্ডা রাখার জন্য অনেক মানুষ বেছে নিচ্ছেন শতবর্ষের পুরোনো, কম খরচের কৌশল—জানালার কাচে সাদা চকের প্রলেপ।

ফরাসি ভাষায় ‘ব্লঁ দ্য মুদোঁ’ নামে পরিচিত গুঁড়ো চক সাধারণত রং তৈরির উপাদান বা কাচ পরিষ্কারে ব্যবহৃত হয়। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এর নতুন ব্যবহার ছড়িয়ে পড়ার পর চাহিদা এতটাই বেড়েছে যে ফ্রান্সের বিভিন্ন এলাকায় পণ্যটির সংকট দেখা দিয়েছে।

ব্যবহার পদ্ধতিও খুব সহজ। চকের গুঁড়ো পানির সঙ্গে মিশিয়ে জানালার কাচে লাগানো হয়। শুকিয়ে গেলে এটি দুধসাদা একটি স্তর তৈরি করে, যা ঘরে পর্যাপ্ত আলো ঢুকতে দিলেও তীব্র রোদ ও তাপকে বাইরে প্রতিফলিত করে দেয়। ফলে ঘরের ভেতরের তাপমাত্রা তুলনামূলক কম থাকে।

এ পদ্ধতির পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। চকের প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বোনেট, যা সূর্যালোক ও তাপ বহনকারী অতিবেগুনি ও নিকট-অবলোহিত রশ্মি কার্যকরভাবে প্রতিফলিত করতে পারে। এ কারণেই গবেষকরা ভবন ঠান্ডা রাখার জন্য তৈরি বিশেষ ধরনের ‘সুপার কুল’ রংয়েও ক্যালসিয়াম কার্বোনেট ব্যবহার করছেন।

গবেষণায় দেখা গেছে, অতিসাদা প্রতিফলক রং সূর্যের ৯৮ দশমিক ১ শতাংশ আলো প্রতিফলিত করতে পারে। এতে ভবনের ভেতরের তাপমাত্রা বাইরের তুলনায় অন্তত ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস কম রাখা সম্ভব। সাদা রং দিয়ে ছাদ ঢেকে ভবন ঠান্ডা রাখার ধারণাও নতুন নয়। এক গবেষণায় দেখা গেছে, লন্ডনের ভবনগুলোর ছাদ সাদা বা প্রতিফলক আবরণযুক্ত হলে তাপপ্রবাহের সময় শহরের গড় তাপমাত্রা প্রায় দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কমতে পারত এবং তাপজনিত শত শত মৃত্যু এড়ানো সম্ভব হতো।

ফ্রান্সের বিভিন্ন স্কুল ও বাসাবাড়িতেও এখন জানালায় চকের প্রলেপ ব্যবহার করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি তাৎক্ষণিক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে ভবন ঠান্ডা রাখতে উন্নত তাপ-নিরোধক ছাদ ও নির্মাণব্যবস্থার বিকল্প নয়। দীর্ঘমেয়াদী সুফলের জন্য ছাদের উপযুক্ত ইনসুলেশন প্রয়োজন।

তবে পদ্ধতিটির বড় সুবিধা হলো এটি অত্যন্ত সস্তা। এটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের মতো অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে না। ফলে বিদ্যুৎ খরচ ও কার্বন নিঃসরণ—দুটিই কমানো সম্ভব।

চক বা খড়িমাটি না পাওয়া গেলে আরেকটি অদ্ভুত অথচ কার্যকর বিকল্পের সন্ধান দিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। তাদের একটি পরীক্ষায় দেখা গেছে, জানলার কাচে পাতলা করে টক দইয়ের প্রলেপ দিলে কড়া রোদের দিনে ঘরের ভেতরের তাপমাত্রা গড়ে দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। শুরুতে কিছুটা গন্ধ থাকলেও দইয়ের আস্তরণটি শুকিয়ে যাওয়ার পর সেই গন্ধ আর থাকে না।

বিবিসি অবলম্বনে

আরও