মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করছে, ইরান খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলা চালাতে পারে। দুইজন শীর্ষ মার্কিন কর্মকর্তা সোমবার বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের চেষ্টা চললেও এমন হামলা “আগামী এক-দুই দিনের মধ্যেই” হতে পারে।
একজন কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন, বলেন, ‘আমরা ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত আছি, যদিও এখনো কূটনৈতিক পথে সমাধানের আশা করা হচ্ছে।’
এর আগে যুক্তরাষ্ট্র শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এ হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরান যদি পাল্টা আক্রমণ করে, তবে তার জবাব হবে এ সপ্তাহান্তে চালানো হামলার চেয়েও অনেক বেশি শক্তিশালী।’
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন রোববার জানান,ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এদের মধ্যে অনেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিরোধ সক্ষমতাসম্পন্ন জাহাজ পরিচালনায় যুক্ত রয়েছেন। তবে তাদের অবস্থানগুলোর অনেকটাই এখনো আক্রমণের ঝুঁকিতে রয়েছে।