নেপালের কাঠমান্ডুতে সহিংস বিক্ষোভের জেরে দুদিন বন্ধ থাকার পর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) পুনরায় চালু হয়েছে। বুধবার টিআইএ সিভিল এভিয়েশন অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর দ্য হিমালয়ান।
বুধবার টিআইএ সিভিল এভিয়েশন অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরের নিরাপত্তা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দেয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট এখন থেকে চালু থাকবে।
যাত্রীদের পরামর্শ দেয়া হয়েছে, যেন তারা নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ ফ্লাইট সূচি জেনে নেন এবং টিকিট ও লাগেজ সংক্রান্ত বিষয় নিশ্চিত করেন।
জেনারেশন-জেড নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় দেশটির নিরাপত্তা পরিস্থিতির ক্রমশ অবনতি হতে থাকে। গথাটারসহ কয়েকটি এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে, যা বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায়। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে বিমানবন্দর বন্ধ রাখা হয়। এ সময় বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে নেপালি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল।