ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি দুর্ঘটনায় নিহত ৬, নিখোঁজ ১৩০

উদ্ধার অভিযানে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা, নৌবাহিনী, সামুদ্রিক পুলিশসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। ঘটনাস্থলে কয়েকটি জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। অভিযানে ২৮০ জন সদস্য অংশ নিচ্ছেন।

ইন্দোনেশিয়ার জাভা সাগরে বৈরী আবহাওয়ার মধ্যে যাত্রীবাহী ফেরি ভার্গো ট্রান্সপোর্ট ৮ দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৩০ জন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। খবর বিবিসি

ভার্গো ট্রান্সপোর্ট ৮-এ মোট ২৪৩ জন ছিলেন। তাদের মধ্যে ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু সদস্য। ফেরিটি শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতানের বানজারমাসিনের উদ্দেশে রওনা হয়। রোববার রাত ২টার দিকে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সময় ফেরিটি বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ফেরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি ভার্গো থেকে রোববার ভোর ৪টা ১০ মিনিটে প্রথম বিপৎসংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়। দুটি সামুদ্রিক পর্যবেক্ষণ সাইটের তথ্য অনুযায়ী, রোববার দুপুর ২টায় ফেরিটির বানজারমাসিনে পৌঁছানোর কথা ছিল।

উদ্ধার অভিযানে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা, নৌবাহিনী, সামুদ্রিক পুলিশসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। ঘটনাস্থলে কয়েকটি জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। অভিযানে ২৮০ জন সদস্য অংশ নিচ্ছেন। জাভা সাগরের ওই এলাকায় চলাচলকারী সব নৌযানকে নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া গেলে তা জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

দুর্ঘটনার পর রোববার সকালে ত্রিসক্তি বন্দরে একটি অপারেশন পোস্ট স্থাপন করা হয়েছে। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশটির পরিবহনমন্ত্রী দুডি পুরওয়াগান্ধি বলেন, ঘটনাটি তদন্ত করবে ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি কমিটি।

এদিকে নিখোঁজ স্বজনদের খোঁজে বন্দরে ভিড় করছেন পরিবারের সদস্যরা। বানজারমাসিনের বাসিন্দা রুসমিলাওয়াত তার আট স্বজনের খোঁজে বন্দরে যান। তারা জাভায় কয়েকজন ইসলামী ধর্মীয় ব্যক্তিত্বের মাজার জিয়ারত শেষে বানজারমাসিনে ফিরছিলেন। যাওয়ার সময় বিমানে গেলেও ফেরার পথে তারা জাহাজে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও