ভারতের পাঠানো ১২টি ড্রোন গুলি করে নামানো হয়েছে, দাবি পাকিস্তানের

আইএসপিআরের মহাপরিচালক বলেন, ‘ভারতের এই উসকানিমূলক আচরণ আন্তর্জাতিক নিয়মবিধির লঙ্ঘন এবং দক্ষিণ এশিয়ার শান্তির জন্য হুমকি। ভারত ধারাবাহিকভাবে পাকিস্তানে ড্রোন পাঠাচ্ছে, তবে প্রতিবারই আমরা সফলভাবে সেগুলো প্রতিহত করছি।‘

পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা ১২টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ৭ ও ৮ মে রাতভর পাকিস্তানের নয়টি শহরের আকাশসীমায় প্রবেশ করেছিল ভারতের পাঠানো ১২টি ড্রোন। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোনকে সফলভাবে গুলি করে নামিয়েছে। খবর রয়টার্স।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, যেসব শহরে ড্রোন অনুপ্রবেশ ঘটেছিল তার মধ্যে রয়েছে— লাহোর, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, অ্যাটক, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, চোর এবং করাচি। ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে গেছে নিরাপত্তা সংস্থাগুলো।

এই হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজন লাহোরের ওয়ালটন রোডে এবং একজন সিন্ধুর মিয়ানো এলাকায় আহত হয়েছেন। নিহত ব্যক্তিও মিয়ানোর বাসিন্দা ছিলেন।

আইএসপিআরের মহাপরিচালক বলেন, ‘ভারতের এই উসকানিমূলক আচরণ আন্তর্জাতিক নিয়মবিধির লঙ্ঘন এবং দক্ষিণ এশিয়ার শান্তির জন্য হুমকি। ভারত ধারাবাহিকভাবে পাকিস্তানে ড্রোন পাঠাচ্ছে, তবে প্রতিবারই আমরা সফলভাবে সেগুলো প্রতিহত করছি।‘

তিনি আরো অভিযোগ করেন, ৬ ও ৭ মে তারিখে ভারত বেসামরিক জনবসতিতে বিমান হামলা চালিয়েছে, যাতে শিশুসহ নিরীহ মানুষ হতাহত হয়েছে। ‘এই আগ্রাসনের ধারা উদ্বেগজনক এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হতে হবে,’ তিনি বলেন।

লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বদা উচ্চ সতর্কতায় রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ভারতের ধারাবাহিক ড্রোন ব্যবহার এবং বিমান হামলা আন্তর্জাতিকভাবে নিন্দনীয়। পাকিস্তান এখনো সংযম প্রদর্শন করছে, তবে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সক্ষম।‘

আরও