লাইভ

ইরানের গোয়েন্দামন্ত্রী খতিবের নিহতের দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে যুদ্ধের অভিঘাত পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

১৫ আপডেট
  • ১৮ মার্চ, ২০২৬

    উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার ঘোষণা ইরানের

    বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র ইরানের দক্ষিণ পারসে ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি আইআরজিসি বলছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এ এলাকার জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হতে পারে।

    তাসনিম নিউজের প্রতিবেদনে ‘জরুরি সতর্কবার্তায়’ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের বেশ কিছু স্থানের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে সামরেফ শোধনাগার, আল-জুবাইল পেট্রোকেমিকেল কমপ্লেক্স, মাসাইদ হোল্ডিং কোম্পানি, আল-হোসন গ্যাসক্ষেত্র ও রাস লাফান শোধনাগারের কথা বলা হয়েছে।

    আইআরজিসি বিবৃতিতে বলেছে, ইরানের গ্যাস স্থাপনায় ইসরায়েলি হামলার পর উপসাগরী জ্বালানি স্থাপনাগুলো এখন ‘সরাসরি ও বৈধ লক্ষ্যবস্তু’ হয়ে উঠেছে। সকল নাগরিক ও শ্রমিকদের অবিলম্বে ওই সব এলাকা ছাড়ার কথা বলছে আইআরজিসি।

  • ১৮ মার্চ, ২০২৬

    গোয়েন্দামন্ত্রী খতিবের নিহতের কথা নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেদের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব ইসরায়েলের হামলায় নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

    বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পেজেশকিয়ান এ হামলাকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

    এর আগে আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এক বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন।

    সূত্র: আল-জাজিরা

  • ১৮ মার্চ, ২০২৬

    মধ্যপ্রাচ্যজুড়ে হতাহতের সবশেষ সংখ্যা

    মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধে হতাহতের সংখ্যা

    - লেবাননে ৯১২ জন নিহত, আহত ২ হাজার ২২১ জন

    - ইরাকে ৫৮ জন নিহত

    - ইসরায়েলে ১৭ জন নিহত, ৩ হাজার ৭২৭ জন আহত

    - জর্ডানে ২৮ জন আহত

    - কুয়েতে ৬ জন নিহত

    - সৌদি আরবে ২ জন নিহত, আহত ১২

    - সংযুক্ত আরব আমিরাতে ৮ জন নিহত, ১৫৮ জন আহত

    - ওমানে ৩ জন নিহত, আহত ১৫

    - কাতারে ১৬ জন আহত

    - বাহরাইনে ২ জন নিহত

    - ইরানে ১ হাজার ৪৪৪ জন নিহত, আহত ১৮ হাজার ৫৫১ জন

    - যুক্তরাষ্ট্রে ১৩ জন নিহত, আহত ২০০

    সূত্র- আল জাজিরা

  • ১৮ মার্চ, ২০২৬

    বুশেহরে ইরানি গ্যাস স্থাপনায় ইসরায়েলি বিমান হামলা: গণমাধ্যম

    ইরানের সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সমুদ্রতীরবর্তী 'সাউথ পার্স' গ্যাস ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।

    স্থানীয় কর্মকর্তাদের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশে দেশটির গ্যাস অবকাঠামোতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে।

    এদিকে ‘সাউথ পার্স’ গ্যাস ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোয় হামলার কথা স্বীকার করেছে ইরান।

    সূত্র- আল জাজিরা

  • ১৮ মার্চ, ২০২৬

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কা জেলেনস্কির

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন যে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইউক্রেন ভয়াবহ ক্ষেপণাস্ত্র সংকটের মুখে পড়তে পারে। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি 'দীর্ঘস্থায়ী যুদ্ধ' দেখতে চান, কারণ এটি ইউক্রেনকে দুর্বল করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সম্পদ ও মনোযোগ অন্যদিকে সরিয়ে দেবে।

    জেলেনস্কি বিবিসিকে বলেন, ‘পুতিনের জন্য ইরানে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ মানেই বাড়তি সুবিধা। এতে শুধু জ্বালানির দামই বাড়বে না, বরং যুক্তরাষ্ট্রের মজুত এবং আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারীদের সক্ষমতাও নিঃশেষ হয়ে যাবে। যার ফলে আমরা (ইউক্রেন) সম্পদহীন হয়ে পড়ছি।‘ তিনি তথ্যের বরাত দিয়ে জানান, যুক্তরাষ্ট্র প্রতি মাসে মাত্র ৬০ থেকে ৬৫টি ক্ষেপণাস্ত্র তৈরি করে, অথচ ইরানে যুদ্ধের প্রথম দিনেই তারা ৮০৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

    ইউক্রেনীয় প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এর ফলে মার্কিন তৈরি 'প্যাট্রিয়ট' ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংকট ‘অবশ্যই’ তৈরি হবে, যা কিয়েভের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

  • ১৮ মার্চ, ২০২৬

    ট্রাম্পের হুমকি, ইরানকে 'নিশ্চিহ্ন' করে দিলে কেমন হবে?

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ এক সংক্ষিপ্ত বার্তায় প্রশ্ন তুলেছেন, ইরানের অবশিষ্ট অংশকে যদি যুক্তরাষ্ট্র পুরোপুরি 'নিশ্চিহ্ন' করে দেয় এবং হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব সেই দেশগুলোর ওপর ছেড়ে দেয় যারা এটি ব্যবহার করে, তবে পরিস্থিতি কেমন দাঁড়াবে? ট্রাম্পের মতে, এমন পদক্ষেপ নিলে ন্যাটোসহ যুক্তরাষ্ট্রের যেসব মিত্র দেশ বর্তমানে 'সাড়া দিচ্ছে না', তারা দ্রুত সক্রিয় হতে বাধ্য হবে।

    উল্লেখ্য, ইরান এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ করে দেয়ার পর যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলো শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার মার্কিন প্রস্তাবে অসম্মতি জানিয়েছে।

    ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আমি ভাবছি কী ঘটবে যদি আমরা 'ইরানি সন্ত্রাসী রাষ্ট্রের' যা অবশিষ্ট আছে তা পুরোপুরি 'নিঃশেষ' করে দেই এবং যারা এই পথটি ব্যবহার করে (আমরা করি না), সেই দেশগুলোর ওপরই তথাকথিত 'প্রণালী'র দায়ভার ছেড়ে দেই? এটি আমাদের কিছু নিশ্চল 'মিত্রদের' খুব দ্রুত সচল করে তুলবে!!!

  • ১৮ মার্চ, ২০২৬

    তেহরানে লারিজানি ও সোলেইমানির জানাজা সম্পন্ন

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানির জানাজা তেহরানে সম্পন্ন হয়েছে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার তেহরানে আয়োজিত এই শোক মিছিলে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নামে।

    গত মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লারিজানি ও সোলেইমানি ছিলেন নিহতদের মধ্যে অন্যতম প্রভাবশালী ও উচ্চপদস্থ ব্যক্তিত্ব। জানাজায় অংশগ্রহণকারী শোকার্তরা এই দুই নেতার প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন।

  • ১৮ মার্চ, ২০২৬

    আগে কখনো ব্যবহৃত হয়নি এমন অস্ত্র ব্যবহার করছে ইরান: সেনাবাহিনীর মুখপাত্র

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান এমন সব অস্ত্র ব্যবহার করছে যা ‘আগে কখনো ব্যবহৃত হয়নি’। বুধবার এমনটাই দাবি করেছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। একটি ইরানি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, আগামী দিনগুলোয় এই ধরনের অস্ত্রের ব্যবহার আরো বাড়বে এবং বিশ্বজুড়ে এর প্রভাবের খবর ছড়িয়ে পড়বে।

    আকরামিনিয়া বলেন, ‘আমরা এই যুদ্ধে এমন কিছু সমরাস্ত্র মোতায়েন করেছি যা আমাদের ভাণ্ডারে আগে থাকলেও কখনো রণক্ষেত্রে আনা হয়নি। সামনের দিনগুলোয় আপনারা এর বিধ্বংসী রূপ আরো বেশি দেখতে পাবেন।‘ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের বাসিন্দারা আকাশপথে ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন, যা এই দাবির সপক্ষে ইঙ্গিত দেয়।

    ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, ইরান এখন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর আগের চেয়ে অনেক বেশি হারে 'ক্লাস্টার ওয়ারহেড' ব্যবহার করছে।

  • ১৮ মার্চ, ২০২৬

    ইরানের গোয়েন্দামন্ত্রী খতিবের নিহতের দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

    ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব গতকাল রাতে এক হামলায় নিহত হয়েছেন বলে আজ জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

    কাৎজ বলেন, তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার অনুমতি দিয়েছেন। এর জন্য আর কোনো বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না।

    সূত্র: আল জাজিরা

  • ১৮ মার্চ, ২০২৬

    এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্যবস্তু করে তেহরানে হামলা

    ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার মাত্র একদিন পরই তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি এক কর্মকর্তার দেয়া তথ্যমতে, মঙ্গলবার দিবাগত রাতের এই অভিযানে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে খতিব এই হামলায় নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি তেল আবিব।

    ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে খুঁজে খুঁজে নির্মূল করার এই অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এবং আমি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছি যাতে তারা ইরানের এই দমনকারী ও সন্ত্রাসী শাসনব্যবস্থার মূল হোতাদের শিকার করা চালিয়ে যায়।‘

  • ১৮ মার্চ, ২০২৬

    লারিজানি হত্যার প্রতিশোধে তেল আবিবে ইরানের ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা

    ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার কঠোর প্রতিশোধ নিতে বুধবার তেল আবিব লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এই হামলায় জনবহুল তেল আবিবের নিকটবর্তী একটি এলাকা এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছাকাছি অন্তত দুইজন নিহত হয়েছেন।

    ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় 'খোররামশাহর-৪' এবং 'কাদর' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা একাধিক ওয়ারহেড বহনে সক্ষম। ইসরায়েল জানিয়েছে, এই ক্লাস্টার ওয়ারহেডগুলো মাঝ আকাশে কয়েকশ ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, যা প্রতিহত করা অত্যন্ত কঠিন।

    এদিকে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি প্রজেক্টাইল আঘাত হানলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে ইরান জানিয়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি পরমাণু বিপর্যয় এড়াতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, দুই সপ্তাহ আগে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। ওই অভিযানেই ইরানের পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

  • ১৮ মার্চ, ২০২৬

    নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধের অঙ্গীকার ইরানের

    ইসরায়েলের বিমান হামলায় নিরাপত্তা প্রধান আলি লারিজানির নিহত হওয়ার ঘটনায় ‘দৃঢ় ও অনুতাপজনক’ প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।

    এক বিবৃতিতে হাতামি বলেন, ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারিকে হত্যার জবাবে ইরানের প্রতিক্রিয়া হবে দৃঢ় এবং অনুতাপজনক।‘

    এদিকে ইরানের সেনাবাহিনী থেকে পৃথক শক্তিশালী সামরিক বাহিনী রেভোল্যুশনারি গার্ডস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, শহীদ ডক্টর আলি লারিজানি এবং তার সঙ্গীদের রক্তের বদলা নিতে তারা এরইমধ্যে মধ্য ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লারিজানি হত্যার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

  • ১৮ মার্চ, ২০২৬

    বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা, বিস্ফোরণের শব্দ

    ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে আশপাশের এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আজ ভোরে জানিয়েছে নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি সূত্র। একদিন আগে ওই এলাকায় ধারাবাহিকভাবে কয়েকটি হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্স।

    নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছিল, দূতাবাসটিকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং কূটনৈতিক কমপ্লেক্সের কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

    বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক স্থাপনাকেও অন্তত তিনটি বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। এতে সি-র‌্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে।

    বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি ওই হামলার পর ড্রোনগুলো প্রতিহত করার চেষ্টা করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের প্রতিক্রিয়ায় তেহরান-সমর্থিত মিলিশিয়ারা ইরাকে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে আসছে।

    তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

  • ১৮ মার্চ, ২০২৬

    ইউএইর অস্ট্রেলিয়ার ঘাঁটির কাছে ইরানি হামলা

    সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটির কাছে ইরানি প্রজেক্টাইল আঘাত হেনেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ। খবর বিবিসি।

    তিনি জানান, ‘আজ সকাল (অস্ট্রেলিয়া স্থানীয় সময়) ৯টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার আল মিনহাদ ঘাঁটিতে এই প্রজেক্টাইলটি আঘাত হানে।’

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরো বলেন, “আমি নিশ্চিত করছি,, কোনো অস্ট্রেলীয় সেনা সদস্য আহত হননি এবং সবাই সম্পূর্ণ নিরাপদ আছেন।’

    অ্যান্টনি আলবানেজ বলেন, ‘প্রজেক্টাইলটি ঘাঁটির দিকে যাওয়ার একটি সড়কে আঘাত হানায় একটি ছোট অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এর ফলে একটি আবাসিক ব্লক এবং একটি চিকিৎসা-সংক্রান্ত স্থাপনায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।’

  • ১৮ মার্চ, ২০২৬

    হরমুজ প্রণালীর কাছে ইরানের লক্ষ্যবস্তুতে ৫ হাজার পাউন্ডের বোমা ব্যবহার যুক্তরাষ্ট্রের

    ইরানের উপকূলজুড়ে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর ওপর একাধিক ৫ হাজার পাউন্ড বা ২ হাজার ২৭০ কেজি ওজনের বোমা নিক্ষেপ করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর রয়টার্স।

    সেন্টকম জানিয়েছে, এসব ঘাঁটিতে থাকা ইরানের জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য ঝুঁকি তৈরি করছিল।

    ন্যাটো ও অন্যান্য মিত্রদের এ গুরুত্বপূর্ণ জলপথ সুরক্ষার জন্য ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যাত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র এ বোমা হামলার ঘোষণা দেয়।

    সাধারণ দিনে বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে কার্যত প্রণালীটি বন্ধ করে দিয়েছে তেহরান।

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সায়েদ জালিলি। খবর আল জাজিরা।

তাসনিম বার্তা সংস্থার বরাতে জানা যাচ্ছে, এ হত্যাকাণ্ডকে ‘ইসলামিক বিপ্লবের লক্ষ্যে গৌরবময় আত্মত্যাগের ধারাবাহিকতা’ হিসেবে বর্ণনা করেন জালিলি।

তিনি দাবি করেন, এ হত্যাকাণ্ড ইরানিদের একই পথে আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং শত্রুর পরাজয় ও অপমানের প্রতিক্রিয়াকে আরো গতিশীল করবে।

অন্যদিকে লারিজানিকে ‘বিপ্লবী’ হিসেবে আখ্যা দেন প্রবীণ রাজনীতিবিদ আলি আকবর বেলায়াতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপরাধমূলক’ আচরণের তীব্র সমালোচনাও করেন। তিনি সতর্ক করে বলেন, তারা হিসাবে বড় ধরনের ভুল করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু গতকাল এক টেলিভিশন ভাষণে বলেন, ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার মূল উদ্দেশ্য দেশটির জনগণকে তাদের শাসকদের উৎখাত করার একটি সুযোগ করে দেয়া।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, আইডিএফের অভিযানে আলী লারিজানি নিহত হয়েছেন। একই অভিযানে নিহত হয়েছেন বাসিজ মিলিশিয়ার প্রধান গোলামরেজা সোলেইমানিও।

বাসিজ বাহিনী ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিয়ন্ত্রণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাৎক্ষণিকভাবে আলী লারিজানির মৃত্যুর দাবি ঘিরে ধোঁয়াশা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল মার্কিন হামলায় নিহত নৌসেনাদের স্মরণে লারিজানির হাতে লেখা একটি বার্তা প্রকাশ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর লারিজানি ইরানের ক্ষমতার কেন্দ্রগুলোতে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তিনি দীর্ঘদিন ধরে দেশটির নিরাপত্তা ও কৌশলগত নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে বাস্তববাদী সমন্বয়ক হিসেবেও পরিচিত ছিলেন।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে যুদ্ধের অভিঘাত পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

আরও