হয় যুদ্ধ থামবে, নয়তো চলবে অনির্দিষ্টকাল: জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

জেলেনস্কি বলেছেন, প্রয়োজনে তিনি শান্তিচুক্তি গণভোটে তোলার জন্য প্রস্তুত, তবে তার আগে যুদ্ধবিরতি প্রয়োজন।

ফ্লোরিডার মার-আ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ট্রাম্প বলেন, এই যুদ্ধ হয় এখনই শেষ হবে, নতুবা তা অনির্দিষ্টকাল ধরে চলবে, এবং আরো লাখো মানুষের প্রাণহানি ঘটবে।

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আবারও স্পষ্ট কিন্তু উদ্বেগজনক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ট্রাম্প বলেন, এই যুদ্ধ হয় এখনই শেষ হবে, নতুবা তা অনির্দিষ্টকাল ধরে চলবে, এবং আরো লাখো মানুষের প্রাণহানি ঘটবে। খবর সিএনএন।

রোববার প্রায় তিন ঘণ্টার আলোচনার পর কোনো চূড়ান্ত চুক্তির ঘোষণা না এলেও উভয় পক্ষই ইঙ্গিত দিয়েছেন যে, শান্তি আলোচনা এখন একেবারে শেষ ধাপে পৌঁছেছে। ট্রাম্পের ভাষায়, ‘আমরা খুব কাছাকাছি চলে এসেছি। হয়তো একেবারেই শেষ পর্যায়ে।‘

এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধ অবসানে প্রস্তাবিত সংশোধিত শান্তি পরিকল্পনার অগ্রগতি মূল্যায়ন। আলোচনায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিরা আগামী কয়েক সপ্তাহেও আলোচনায় বসবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি আরো বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আবার কথা বলবেন, কারণ যেকোনো শান্তি চুক্তিতে মস্কোর সম্মতি অপরিহার্য।

নির্বাচনী প্রচারের সময় ২৪ ঘণ্টায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও, ক্ষমতায় আসার পর ট্রাম্প স্বীকার করেছেন যে, বিষয়টি ধারণার চেয়েও জটিল। রোববারের বৈঠকের পরও তিনি বলেছেন, শান্তি প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। ‘এটা এক দিনের ব্যাপার নয়,’ বলেন তিনি। তার মতে, কয়েকটি কঠিন ও সংবেদনশীল ইস্যু এখনো মীমাংসিত হয়নি। যার মধ্যে রয়েছে ভূখণ্ড ছাড় এবং ইউক্রেনের দখলকৃত এলাকাগুলোর ভবিষ্যৎ।

ট্রাম্প ইঙ্গিত দেন, রাশিয়া আরো অগ্রসর হওয়ার আগে এখনই একটি সমঝোতায় পৌঁছানো ইউক্রেনের জন্য বাস্তবসম্মত হতে পারে। তার ভাষায়, ‘কিছু ভূমি এরইমধ্যে নেয়া হয়েছে, আর কিছু হয়তো সামনের মাসগুলোতে নেয়া হতে পারে। প্রশ্ন হলো, এখন চুক্তি করা কি ভালো নয়?’

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, শান্তি চুক্তির প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা হয়েছে। তবে বাকি ১০ শতাংশ—বিশেষ করে ভূমি ও জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শান্তিচুক্তির সমঝোতার বিষয়ে ট্রাম্প বলেছেন, তিনি ‘পারসেন্টেজ’ নিয়ে কথা বলতে আগ্রহী নন।

জেলেনস্কি বলেছেন, প্রয়োজনে তিনি শান্তিচুক্তি গণভোটে তোলার জন্য প্রস্তুত, তবে তার আগে যুদ্ধবিরতি প্রয়োজন। তবে এই অবস্থান মস্কোর সঙ্গে সাংঘর্ষিক। রাশিয়া যুদ্ধবিরতির ধারণা নাকচ করে দিয়ে বলেছে, সাময়িক বিরতি কেবল যুদ্ধ দীর্ঘায়িত করবে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিনও একই মত প্রকাশ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

তবে ট্রাম্প এখনো পুতিনের শান্তির সদিচ্ছা নিয়ে আশাবাদী। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট তাকে ‘খুব জোরের সঙ্গে’ জানিয়েছেন যে, তিনি যুদ্ধের অবসান চান।

বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে আলোচনার সাফল্য বা ব্যর্থতা ইউক্রেন যুদ্ধের গতিপথই নয়, ইউরোপের নিরাপত্তা ও বৈশ্বিক শক্তির ভারসাম্যও নির্ধারণ করবে। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, যদি এখন শান্তি প্রতিষ্ঠা না হয়, তাহলে এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারে।

আরও