চার দশকের ক্যারিয়ারের সমাপ্তি

অবসরে যাচ্ছেন নিনতেন্দোর ডিজাইনার তাকাশি তেজুকা

১৯৮৪ সালে তেজুকা নিনতেন্দোয় পার্ট-টাইম কাজ শুরু করেন। তখন ভিডিও গেম নিয়ে তার খুব একটা আগ্রহ ছিল না। এমনকি সেই সময়ে অত্যন্ত জনপ্রিয় গেম ‘প্যাক-ম্যান’ সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না

ভিডিও গেম জগতের অন্যতম পরিচিত নাম তাকাশি তেজুকা। দীর্ঘ ৪০ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন জাপানি প্রতিষ্ঠান নিনতেন্দোর এ কিংবদন্তি ডিজাইনার। সম্প্রতি নিনতেন্দোর দাপ্তরিক নথিতে তার এ বিদায়ের ঘোষণা দেয়া হয়। খবর এনগ্যাজেট।

তাকাশি তেজুকা প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৪ সালে তেজুকা নিনতেন্দোয় পার্ট-টাইম কাজ শুরু করেন। তখন ভিডিও গেম নিয়ে তার খুব একটা আগ্রহ ছিল না। এমনকি সেই সময়ে অত্যন্ত জনপ্রিয় গেম ‘প্যাক-ম্যান’ সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। এর পর তিনি আরেক ডিজাইনার শিগেরু মিয়ামোটোর সঙ্গে মিলে ‘সুপার মারিও ব্রোস’ এবং ‘দ্য লিজেন্ড অব জেল্ডা’র মতো বিশ্ববিখ্যাত গেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তেজুকার ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে অসংখ্য জনপ্রিয় গেম। তিনি সুপার মারিও ব্রোস ৩, সুপার মারিও ওয়ার্ল্ড ও দ্য লিজেন্ড অব জেল্ডা: আ লিংক টু দ্য পাস্টের মতো গেমগুলো পরিচালনা করেছেন। এছাড়াও তিনি সুপার মারিও ৬৪ গেমের সহকারী পরিচালক ছিলেন এবং এন৬৪ কনসোলের প্রথম দিকের ৩ডি জেল্ডা গেমগুলো তদারক করেছেন।

৬৫ বছর বয়সী তেজুকার অবসর নিনতেন্দোর জন্য একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন গেম-সংশ্লিষ্টরা। তবে নিনতেন্দোর নিয়ম অনুযায়ী ৬৫ বছর বয়সই সাধারণত কর্মকর্তাদের অবসরের সময় হিসেবে ধরা হয়। তেজুকার পাশাপাশি কোজি কোন্ডো ও এইজি আওনুমাও তাদের অবসরের বয়সের কাছাকাছি পৌঁছে গেছেন।

ভবিষ্যতে নিনতেন্দোতে তেজুকার কোনো ভূমিকা থাকবে কি-না, তা এখনো স্পষ্ট নয়।

আরও