মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, লোহিত সাগরে একটি রণতরী মোতায়েন রয়েছে এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরেকটি নতুন রণতরী পাঠানো হবে।
আল জাজিরার একটি প্রতিবেদন বলছে, অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজ ও সামরিক নৌবাহিনীর ওপর হুথিদের হুমকি বন্ধে নিয়মিত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সবশেষ ইয়েমেনের হোদেইদাহ অঞ্চলে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো মার্কিন হামলায় চারজন নিহত হয়েছেন।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা, আগ্রাসন প্রতিহত এবং মুক্ত বাণিজ্যের পথ রক্ষায় কার্ল ভিনসন রণতরী এ অঞ্চলে অবস্থান করা হ্যারি এস. ট্রুম্যানের সঙ্গে যুক্ত হবে।
পেন্টাগন জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আঞ্চলিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত বা তীব্র করতে চাইলে যেকোনো রাষ্ট্রীয় বা অ-রাষ্ট্রীয় শক্তিকে উপযুক্ত জবাব দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, এই সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের জেরে যুক্তরাষ্ট্র এবং হুতি বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষের প্রেক্ষাপটে।