লিভার ফেইলিউর চিকিৎসায় ট্রান্সপ্লান্টেশন

লিভার ফেইলিউরে আক্রান্ত ব্যক্তির জীবনরক্ষার সর্বশেষ পদক্ষেপ হলো লিভার ট্রান্সপ্লান্টেশন।

লিভার ফেইলিউরে আক্রান্ত ব্যক্তির জীবনরক্ষার সর্বশেষ পদক্ষেপ হলো লিভার ট্রান্সপ্লান্টেশন। কারো হেপাটাইটিস ‘বি’ বা ‘সি’ ভাইরাস থাকলে এবং সময়মতো তা প্রতিরোধ না করলে ধীরে ধীরে লিভার সিরোসিস বা ক্যান্সারে রূপ নেয়। ফলে লিভার তার কার্যকারিতা হারায়। এ ধরনের রোগীর শেষ চিকিৎসা হচ্ছে লিভার প্রতিস্থাপন। অপারেশনের মাধ্যমে এ রোগাক্রান্ত লিভার অপসারণ করে সেই স্থানে দাতা ব্যক্তির সম্পূর্ণ বা আংশিক সুস্থ লিভার প্রতিস্থাপন করে লিভার ট্রান্সপ্লান্টেশন করা যায়।

মাত্রাতিরিক্ত অ্যালকোহল বা লিভারের জন্য ক্ষতিকর ওষুধ অতিরিক্ত খেলেও লিভারে প্রদাহ হওয়ার আশঙ্কা থাকে। প্রদাহ অনেক দিন থাকলে লিভারে ফাইব্রোসিস হয়ে লিভার কোষের কার্যক্রম ব্যাহত হয়। ফলে লিভার গুরুতর আকারে ক্ষতিগ্রস্ত হয় এবং আর কখনই আগের অবস্থায় ফিরে যেতে পারে না। এ ধরনের তীব্র লিভার ফেইলিউরের ক্ষেত্রে একমাত্র চিকিৎসা হলো ট্রান্সপ্লান্টেশন।

ট্রান্সপ্লান্টেশনের ধরন

দুই ধরনের ট্রান্সপ্লান্টেশন হয়। ক্যাডাভেরিক ও লিভিং রিলেটেড লিভার ট্রান্সপ্লান্টেশন। প্রথমদিকে লিভার ট্রান্সপ্লান্টেশন শুরু হয়েছিল ক্যাডাভেরিক লিভার দিয়ে। কিন্তু ক্যাডাভেরিক লিভার পাওয়া খুবই কঠিন। ক্যাডাভেরিক লিভারের স্বল্পতার জন্য শল্য চিকিৎসকরা পরবর্তী সময়ে লিভিং রিলেটেড লিভার ট্রান্সপ্লান্টেশন শুরু করেন। লিভিং রিলেটেড পদ্ধতিতে আত্মীয় যেমন ভাই, বোন, বাবা, মায়ের শরীরের লিভারের একটি অংশ নিয়ে প্রতিস্থাপন করা হয়। মানবদেহের লিভার একটি অঙ্গ হলেও এটি দুই ভাগে বিভক্ত। একটি ডান অংশ ও অন্যটি বাম অংশ। যেকোনো অংশই প্রতিস্থাপন করা যায়। লিভারের একটি অংশ কেটে ফেলে দিলেও তেমন কানো অসুবিধা হয় না। কারণ লিভারের রিজেনারেটিভ ক্ষমতা থাকায় ছয়-আট সপ্তাহের মধ্যে লিভার আগের আকার ধারণ করে। লিভার ট্রান্সপ্লান্টেশনের সময় দুটি অপারেশন থিয়েটারে দুই টিম আলাদাভাবে কাজ করে। এক রুমে লিভারদাতা এবং অন্য রুমে লিভারগ্রহীতার অপারেশন হয়। গ্রহীতার অকার্যকর লিভার সম্পূর্ণ অপারেশনের মাধ্যমে অপসারণ করে দাতার লিভারের অংশ প্রতিস্থাপন করা হয়। পুরো অপারেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১২-১৪ ঘণ্টা লাগে।

সারা বিশ্বে লিভারগ্রহীতার মৃত্যুঝুঁকি মাত্র ১০ শতাংশ হলেও লিভারদাতার কোনো মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। সুস্থ লোকের দেহ থেকে লিভারের কিছু অংশ কেটে নিয়ে সংযোজন করা হয়। সাধারণত ছয়-আট সপ্তাহের মধ্যেই দাতার লিভার আবার আগের অবস্থায় ফিরে আসে।

লেখক: লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ

ল্যাবএইড লি. (ডায়াগনস্টিক), ঢাকা

আরও