হার্ট অ্যাটাক

জানুন কারণ ও প্রতিরোধ

হৃৎপিণ্ড তার নিজস্ব সংকোচন ও প্রসারণের মাধ্যমে অবিরাম রক্ত পাম্প করে আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয়।

বিশ্বজুড়ে মানবমৃত্যুর অন্যতম কারণ হার্ট অ্যাটাক বা হৃদরোগ। হৃৎপিণ্ড তার নিজস্ব সংকোচন ও প্রসারণের মাধ্যমে অবিরাম রক্ত পাম্প করে আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয়। একই সঙ্গে কোষ থেকে কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ অপসারণ করে। যদি কোনো কারণে হৃৎপিণ্ডের পেশিতে রক্তপ্রবাহ কমে যায় বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কারণে হৃৎপিণ্ডের ধমনিতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, একে হার্ট অ্যাটাক বলে। বেশির ভাগ সময় হার্ট অ্যাটাকের আগে শরীর কিছু সংকেত দেয়। ওই সংকেত বুঝে দ্রুত পদক্ষেপ নিলে ভয়ংকর কোনো পরিণতি থেকে বেঁচে যাওয়া যায়।

কারণ

অ্যাথেরোস্কলেরোসিস: হার্ট অ্যাটাকের প্রধান কারণ এটি। হার্টের ধমনিগুলোর ভেতরের দেয়ালে চর্বি ও কোলেস্টেরল জমে প্লাক তৈরি করে। এ প্লাকে ধীরে ধীরে ক্যালসিয়াম জমে শক্ত হয়ে রক্তনালি আরো চিকন হয়ে এক সময়ে ফেটে গিয়ে তার চারপাশে রক্ত জমাট বেঁধে ধমনি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে হার্ট অ্যাটাক হয়ে থাকে।

করোনারি আর্টারি ডিসেকশন: হৃৎপিণ্ডের রক্তনালির দেয়ালে হঠাৎ ফাটল বা ছিদ্র তৈরি হয়, যা রক্ত চলাচল বাধাগ্রস্ত করে।

তীব্র মানসিক চাপ বা শক: হঠাৎ কোনো বড় মানসিক ধাক্কা বা তীব্র উত্তেজনার ফলে রক্তচাপ ও রক্তপ্রবাহে আকস্মিক পরিবর্তন ঘটে, যার প্রভাবে ধমনিতে জমে থাকা প্লাক ফেটে গিয়ে হার্ট অ্যাটাক হতে পারে।

ঝুঁকি বাড়ায় যেসব কারণ

অল্প বয়সে হার্ট অ্যাটাকের সংখ্যা দিন দিন বাড়ছে। যেসব কারণ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়—

 উচ্চ রক্তচাপ: রক্তনালির ওপর বাড়তি চাপ তৈরি করে ধমনি দুর্বল ও ক্ষতিগ্রস্ত করে।

 অনিয়ন্ত্রিত ডায়াবেটিস: রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে রক্তনালি ও স্নায়ুর ক্ষতি হয়।

 উচ্চ কোলেস্টেরল: রক্তে খারাপ কোলেস্টেরল (এলডিএল) বেড়ে গেলে ধমনির দেয়ালে চর্বি জমার প্রবণতা বাড়ে।

 ধূমপান ও তামাক সেবন: নিকোটিন রক্তনালির ভেতরের স্তর নষ্ট করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়।

 স্থূলতা বা অতিরিক্ত ওজন: বিশেষ করে পেটে অতিরিক্ত চর্বি জমলে হৃদরোগের ঝুঁকি বাড়ে।

 অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অলস জীবনযাপন: নিয়মিত ব্যায়ামের অভাব এবং অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার খাওয়া।

 পারিবারিক ইতিহাস: পরিবারে অল্প বয়সে হৃদরোগের ইতিহাস থাকলে ঝুঁকি থাকে।

লক্ষণ

হার্ট অ্যাটাকের লক্ষণগুলো পুরুষ ও নারীদের ক্ষেত্রে আলাদা। পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ বুকে ব্যথা বা অস্বস্তি। তবে পুরুষের তুলনায় নারীদের ক্ষেত্রে অন্য লক্ষণগুলো বেশি দেখা যায়, যেমন শ্বাসকষ্ট, বমি বমি ভাব, পিঠে বা চোয়ালে ব্যথা।

 বুকের মাঝ বরাবর তীব্র ব্যথা বা চাপ অনুভূত হয়, যা কয়েক মিনিট ধরে হতে পারে। মনে হতে পারে কেউ বুকে ভারী পাথর বসিয়ে দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কিছু সময় পরে ঠিক হয়ে যায় এবং এ রকম মাঝেমধ্যে পুনরায় হয়।

 ব্যথা বুক থেকে বাম হাত, ঘাড়, চোয়াল, পিঠ বা পাকস্থলীর ওপরের অংশে ছড়িয়ে পড়ে।

 কোনো কারণ ছাড়াই শ্বাসকষ্ট, বুকে অস্বস্তি, হাঁপিয়ে যাওয়া বা দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা হয়।

 প্রচণ্ড গরমে না থেকেও শরীর ঠাণ্ডা হয়ে অস্বাভাবিকভাবে ঘেমে যায়।

 মাথা ঘোরা, ঝিমঝিম করা ও বমি বমি ভাব বা বমি হয়।

 কোনো কাজ না করেই চরম দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা, যা হার্ট অ্যাটাকের কয়েক দিন আগে থেকেও দেখা দিতে পারে।

হার্ট অ্যাটাক হলে যা করবেন

হার্ট অ্যাটাক হলে দ্রুত রোগীকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করুন। রোগী যদি অজ্ঞান হয়ে যায় এবং পালস না পাওয়া যায়, তবে প্রতি মিনিটে ১০০-১২০ বার গতিতে বুকে চাপ বা সিপিআর শুরু করতে হবে। ডাক্তার না আসা পর্যন্ত সিপিআর চালানো বন্ধ করবেন না। রোগীর যদি অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকে, তবে ৭৫ মিলিগ্রামের চারটি অ্যাসপিরিন ট্যাবলেট চিবিয়ে খেতে দিন, যা রক্ত জমাট বাঁধা কমাতে সাহায্য করে। ডাক্তারের আগে থেকে প্রেসক্রিপশন করা থাকলে নাইট্রোগ্লিসারিন স্প্রে বা ট্যাবলেট দেয়া যেতে পারে।

প্রতিরোধের উপায়

যেসব অভ্যাস মেনে চললে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা সম্ভব।

 অতিরিক্ত তেল, চর্বি, লবণ ও চিনিজাতীয় খাদ্য বর্জন করতে হবে। খাদ্যতালিকায় প্রচুর শাকসবজি, ফলমূল ও ওটস বা লাল চালের মতো আঁশজাতীয় শস্য রাখতে হবে।

 উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরল থাকলে নিয়মিত ওষুধের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখতে হবে।

 যাবতীয় মাদকসহ ধূমপান ও জর্দা-তামাক সেবন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।

 অলস জীবনযাপন পরিহার করে প্রতিদিন অন্তত ৩০ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম বা দ্রুত হাঁটার অভ্যাস করতে হবে।

 বিএমআই অনুযায়ী শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজন নিয়ন্ত্রণে দৌড়ানো, খেলাধুলা, শারীরিক পরিশ্রম করতে হবে।

 খেলাধুলা, যোগব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং বিনোদনের মাধ্যমে মানসিক চাপ ও অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করা উচিত।

সুস্থ-সুন্দর জীবনযাপনে হৃৎপিণ্ডের সুস্থতা জরুরি। যাদের বয়স বেশি তাদের মাঝেমধ্যে চিকিৎসকের পরামর্শে হৃৎপিণ্ডের সুস্থতা পরীক্ষা করা উচিত। যাদের বয়স ত্রিশের ঘর পেরিয়েছে তাদেরও আকস্মিক বড় কোনো জটিলতা এড়ানোর জন্য বছরে অন্তত একবার পরীক্ষা করানো উচিত।

লেখক: মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ

সিনিয়র কনসালট্যান্ট

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।

আরও