সাইনাসের সমস্যা প্রতিরোধ ও উপসর্গ কমাতে ন্যাসাল ইরিগেশন বা লবণ-পানি দিয়ে নাক পরিষ্কার করা বেশ সহজ একটি পদ্ধতি। ঘরে তৈরি দ্রবণ ব্যবহার করে নাকের ভেতরে জমে থাকা মিউকাস পরিষ্কার রাখা যায়। পদ্ধতিটি অনুসরণ করতে পারেন এভাবে—
- প্রথমে দুই কাপ হালকা গরম ডিস্টিলড ওয়াটার বা পাতিত পানি নিন। পাতিত পানি না থাকলে পানি ফুটিয়ে ঠাণ্ডা করে ব্যবহার করুন। এতে আধা চা চামচ নন-আয়োডাইজড লবণ এবং আধা চা চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
- তৈরি করা লবণ-পানির দ্রবণটি একটি পরিষ্কার বাল্ব সিরিঞ্জে ভরে নিন। চাইলে নেটি পটও ব্যবহার করতে পারেন। ছোট পাত্রের সাহায্যে ধীরে ধীরে নাকের ভেতর দিয়ে দ্রবণ প্রবাহিত করা যায়।
- এবার বেসিনের ওপর সামনের দিকে একটু ঝুঁকে একটি নাকের ছিদ্রের ভেতরে সিরিঞ্জের মুখ আলতোভাবে ধরুন। ধীরে ধীরে সিরিঞ্জ চেপে দ্রবণ প্রবেশ করান। পানি এক নাকের ছিদ্র দিয়ে ঢুকে অন্য নাকের ছিদ্র দিয়ে বের হয়ে আসতে পারে। অন্তত এক পূর্ণ সিরিঞ্জের দ্রবণ দিয়ে নাকটি পরিষ্কার করুন।
- একইভাবে অন্য নাকের ছিদ্রেও দ্রবণ প্রয়োগ করুন। লবণ-পানি ব্যবহারের পর নাকে জ্বালাপোড়া হলে দ্রবণে লবণের পরিমাণ সামান্য কমিয়ে নিতে পারেন।
- প্রতিবার ব্যবহারের পর বাল্ব সিরিঞ্জ বা নেটি পট ভালোভাবে পরিষ্কার করুন। এজন্য পাতিত অথবা ফুটিয়ে ঠাণ্ডা করা পানি ব্যবহার করে ধুয়ে নিন এবং পরবর্তী ব্যবহারের আগে সম্পূর্ণ শুকিয়ে রাখুন।
নাকের পথ পরিষ্কার রাখতে ন্যাসাল ইরিগেশন সহজ ও কার্যকর একটি অভ্যাস হতে পারে। তবে উপসর্গ দীর্ঘস্থায়ী হলে বা বারবার ফিরে এলে শুধু ঘরোয়া পদ্ধতির ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেয়াই নিরাপদ।