বিষণ্নতা বা ডিপ্রেশন
স্থূল ব্যক্তিদের মধ্যে বিষণ্নতা সবচেয়ে সাধারণ মানসিক সমস্যা। অতিরিক্ত ওজনের কারণে আত্মসম্মানবোধ কমে যায়, সামাজিকভাবে উপহাস বা বৈষম্যের শিকার হতে হয়। অনেকেই নিজের শরীর নিয়ে লজ্জিত বোধ করেন, সামাজিক অনুষ্ঠানে যেতে চান না। ফলে একাকিত্ব ও মনমরা ভাব তৈরি হয়।
উদ্বেগ ও সামাজিক চাপ
স্থূল ব্যক্তিরা প্রায়ই সমাজের সৌন্দর্যের মানদণ্ডে নিজেদের অযোগ্য মনে করেন। কাজের জায়গা, স্কুল বা পারিবারিক পরিসরে উপহাস বা নেতিবাচক মন্তব্য তাদের সামাজিক উদ্বেগ বাড়ায়। অনেকেই জনসমক্ষে যেতে বা কথা বলতে ভয় পান, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। দীর্ঘস্থায়ী উদ্বেগ শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল বৃদ্ধি করে, যা আবার ওজন বাড়াতে সাহায্য করে।
খাদ্যাভ্যাসজনিত মানসিক ব্যাধি
বিঞ্জ ইটিং ডিসঅর্ডার (একসঙ্গে অতিরিক্ত খাওয়া)। এ ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা অল্প সময়ে অতিরিক্ত ক্যালরি গ্রহণ করেন, যা স্থূলতার দিকে নিয়ে যেতে পারে। আবার দীর্ঘদিন স্থূলতায় ভুগলে অনিয়ন্ত্রিত ডায়েটিং বা খাদ্যাভ্যাসের অস্বাস্থ্যকর পরিবর্তনও দেখা দিতে পারে।
মানসিক ওষুধের প্রভাব
কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক বা মুড-স্ট্যাবিলাইজার ওষুধ ওজন বৃদ্ধি করতে পারে। ফলে মানসিক রোগের চিকিৎসা চলাকালীন অনেকের ওজন বেড়ে যায়।
হরমোন ও মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন
স্ট্রেস হরমোন (যেমন কর্টিসল) দীর্ঘদিন বেশি থাকলে পেটের চারপাশে চর্বি জমার প্রবণতা বাড়ে।
এছাড়া মস্তিষ্কের ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী রাসায়নিক পরিবর্তনের কারণেও অতিরিক্ত খাওয়া হতে পারে।
সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব
স্থূল ব্যক্তিরা প্রায়ই সামাজিক বৈষম্য, উপহাস বা আত্মবিশ্বাসের ঘাটতির সম্মুখীন হন। এসব অভিজ্ঞতা দীর্ঘমেয়াদে মানসিক চাপ, হতাশা ও সামাজিক বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে পারে। স্থূলতার সঙ্গে স্লিপ অ্যাপনিয়া ও নিদ্রাহীনতা প্রায়ই যুক্ত থাকে। পর্যাপ্ত ঘুম না হওয়ায় মনোযোগ, স্মৃতিশক্তি ও মুডের পরিবর্তন ঘটে। সারা দিন ক্লান্তি, বিরক্তি ও মনোযোগহীনতা মানসিক ভারসাম্য নষ্ট করে।
চিকিৎসা ও মানসিক সহায়তা
স্থূলতা চিকিৎসায় শুধু ওজন কমালেই হবে না, পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম মানসিক প্রশান্তি ও শারীরিক ভারসাম্য রক্ষা করে। স্থূলতা শুধু শারীরিক সমস্যা নয়। এর সঙ্গে আচরণগত, মানসিক সব ধরনের সমস্যা জড়িত। মানসিক সুস্থতা ও শক্তি ছাড়া ওজন নিয়ন্ত্রণ দীর্ঘস্থায়ী হয় না। তাই প্রতিটি স্থূলতার চিকিৎসায় শারীরিক ব্যবস্থাপনার পাশাপাশি মানসিক মূল্যায়ন ও সহায়তা জরুরি।