নারী ও পুরুষের শরীরে হৃদরোগের ধরন ও উপসর্গে বেশকিছু পার্থক্য রয়েছে। জিনগত বৈশিষ্ট্য, হরমোন, শারীরিক গঠন ও শারীরবৃত্তীয় পরিবর্তনের কারণে নারীদের হৃদরোগের ঝুঁকি ভিন্নভাবে তৈরি হয়। বিশেষ করে মেনোপজ বা ঋতুস্রাব বন্ধ হওয়ার পর নারীদের হৃদরোগের ঝুঁকি দ্রুত বেড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, নারীদের হৃদরোগের ঝুঁকি বেশি হওয়ার পেছনে চিকিৎসা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। হৃদরোগের চিকিৎসা ও ঝুঁকি নির্ধারণে ব্যবহৃত অনেক নির্দেশিকা তৈরি হয়েছে পুরুষদের ওপর পরিচালিত গবেষণার ভিত্তিতে। ফলে নারীদের শারীরিক বৈশিষ্ট্য ও উপসর্গ অনেক সময় যথাযথভাবে বিবেচনায় নেয়া হয় না।
নারীদের হার্ট অ্যাটাকের উপসর্গও পুরুষদের তুলনায় ভিন্ন হতে পারে। বুকে ব্যথার পাশাপাশি বমিভাব, চোয়ালে ব্যথা, মাথা ঘোরা ও অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে। এসব উপসর্গকে অনেক সময় হৃদরোগের লক্ষণ হিসেবে শনাক্ত করা হয় না। এমনকি চিকিৎসকরাও কখনো কখনো নারীদের হৃদরোগের ঝুঁকি কম করে দেখেন। উপসর্গ অস্পষ্ট হলে পুরুষদের তুলনায় নারীদের ক্ষেত্রে হৃদযন্ত্রের রক্তনালি পরীক্ষার মতো প্রয়োজনীয় পরীক্ষা করানোর প্রবণতাও কম দেখা যায়।
প্রায় তিন হাজার সাম্প্রতিক হার্ট অ্যাটাকের রোগীর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা নিজেদের হার্ট অ্যাটাকের উপসর্গকে হৃদরোগের সঙ্গে সম্পর্কিত বলে মনে করার ক্ষেত্রে কম সচেতন ছিলেন। অনেক নারী জানেন না, বিশ্বজুড়ে নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ।
নারীদের হৃদযন্ত্রের রক্তনালিতে চর্বি জমার ধরনও পুরুষদের চেয়ে আলাদা। তাদের ক্ষেত্রে একাধিক রক্তনালি আংশিক সংকুচিত হতে পারে। আবার হার্ট অ্যাটাকের প্রাথমিক পর্যায়ে হৃদযন্ত্রের ক্ষতি নির্দেশক রক্তের উপাদান ট্রোপোনিনের মাত্রা পুরুষদের তুলনায় কম থাকতে পারে। ফলে পরীক্ষায় রোগ শনাক্ত না হওয়ার আশঙ্কা থাকে।