অতিরিক্ত চাপ, একই ধরনের কাজ বারবার করা, ভুল ভঙ্গিতে কাজ করা বা হঠাৎ অতিরিক্ত ব্যায়ামের কারণে টেনডনে ক্ষতি হতে পারে। তাই টেনডন সুস্থ রাখতে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
নিয়মিত ওয়ার্ম-আপ করা
ব্যায়াম, খেলাধুলা বা ভারী কাজ শুরুর আগে ৫-১০ মিনিট ওয়ার্ম-আপ এবং স্ট্রেচিং করতে হবে। এতে টেনডন নমনীয় হয় এবং আঘাতের ঝুঁকি কমে।
ধীরে ধীরে কাজের চাপ বাড়ানো
হঠাৎ করে ভারী ব্যায়াম বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা যাবে না। ধীরে ধীরে শরীরকে নতুন চাপের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ দিতে হবে।
একই কাজ দীর্ঘক্ষণ একটানা না করা
কম্পিউটারে টাইপ করা, হাতুড়ি চালানো, রঙ করা বা টেনিস খেলার মতো একই ধরনের কাজ দীর্ঘক্ষণ করলে মাঝেমধ্যে বিরতি নিতে হবে। এতে টেনডনের ওপর অতিরিক্ত চাপ পড়ে না।
সঠিক ভঙ্গিতে কাজ করা
কাজ বা খেলাধুলার সময় সঠিক কৌশল ও অঙ্গবিন্যাস বজায় রাখতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞের কাছ থেকে সঠিক পদ্ধতি শিখে নিতে হবে।
পেশি শক্তিশালী করা
হাত, কাঁধ, কবজি ও পায়ের পেশি শক্তিশালী করার ব্যায়াম নিয়মিত করা। শক্তিশালী পেশি টেনডনের ওপর চাপ কমায়।
সুষম খাদ্য গ্রহণ করা
প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবার টিস্যু মেরামত ও সুস্থ রাখতে সহায়ক। পর্যাপ্ত পানি পান করাও গুরুত্বপূর্ণ।
শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা
অতিরিক্ত ওজন টেনডন ও জয়েন্টের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই স্বাস্থ্যকর ওজন বজায় রাখা উচিত।
ব্যথাকে অবহেলা না করা
ব্যায়াম বা কাজের সময় ব্যথা শুরু হলে জোর করে কাজ চালিয়ে যাওয়া যাবে না। বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে জটিলতা এড়ানো যায়।
ধূমপান পরিহার করা
ধূমপান টেনডনে রক্ত সরবরাহ কমিয়ে দেয় এবং ক্ষত সারতে দেরি করে। তাই টেনডনের সুস্বাস্থ্যের জন্য ধূমপান ত্যাগ করা জরুরি।