অজান্তেই রক্তস্বল্পতা

কীভাবে বুঝবেন আয়রনের অভাব?

আমাদের শরীরে নানা কারণে আয়রন শোষণ বাধাগ্রস্ত হতে পারে।

এক্ষেত্রে কিছু লক্ষণ প্রকাশ পেলেও অনেক সময় রোগীরা সেগুলো গুরুত্ব দেন না। ফলে একজন সাধারণ মানুষও অজান্তেই রক্তস্বল্পতায় ভুগতে পারেন। বিশেষ করে নারীদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়।

শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে যেসব লক্ষণ প্রকাশ পেতে পারে, সেগুলো হলো—

 অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা: শরীর সবসময় ক্লান্ত লাগে, কারণ কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না।

 ফ্যাকাসে ত্বক: ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমে যায়; চোখের ভেতরের পাতা ও মাড়ি ফ্যাকাসে হয়ে পড়ে।

 শ্বাসকষ্ট ও বুক ধড়ফড়: সামান্য হাঁটাচলা বা পরিশ্রমে শ্বাসকষ্ট ও দ্রুত হৃৎস্পন্দন হতে পারে।

 মাথাব্যথা ও মাথা ঘোরা: মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছলে ঘন ঘন মাথাব্যথা বা মাথা ঘোরা অনুভূত হয়।

 ভঙ্গুর নখ ও চুল পড়া: নখ ভঙ্গুর হয়ে যায় বা চামচের মতো বাঁকা হতে পারে; চুল পড়াও বেড়ে যায়।

 জিহ্বা ও মুখের সমস্যা: জিহ্বা ফুলে যাওয়া, ব্যথা হওয়া বা মুখের কোণে ঘা হতে পারে।

 হাত-পা ঠাণ্ডা থাকা: বিশেষ করে হাত ও পায়ের পাতা ঠাণ্ডা অনুভূত হয়।

এ ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। রক্তের পূর্ণাঙ্গ পরীক্ষা (Complete Blood Count বা CBC) করিয়ে হিমোগ্লোবিনের মাত্রা জানা প্রয়োজন। হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে তাকে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা বলা হয়।

রক্তস্বল্পতা ধরা পড়লে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তবে মনে রাখতে হবে, হিমোগ্লোবিনের মাত্রা অত্যন্ত কমে গেলে শুধু আয়রনসমৃদ্ধ খাবার খেলেই হবে না; চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট বা প্রয়োজনে রক্ত সঞ্চালনও প্রয়োজন হতে পারে।

অনেকেই আয়রনসমৃদ্ধ খাবার গ্রহণ করলেও তা শরীরে কার্যকরভাবে শোষিত হয় না। তাই সঠিক খাদ্যতালিকা অনুসরণ করা জরুরি। আয়রনসমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে গাঢ় সবুজ শাকসবজি (যেমন—পালংশাক, কলমিশাক), ডাল, কলিজা, খেজুর, আনার বা আনারের রস এবং সবুজ আপেল। এসব খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত। বিভিন্ন ফল একসঙ্গে খেলে শরীর নানা ধরনের পুষ্টি উপাদান পায়, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।

এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিটামিন সি আয়রন শোষণে সহায়তা করে। তাই আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি–সমৃদ্ধ খাবার (যেমন—লেবু, আমলকী) খাওয়া জরুরি। ভিটামিন সি না থাকলে আয়রন শোষণ বাধাগ্রস্ত হতে পারে।

অন্যদিকে ক্যাফেইনসমৃদ্ধ খাবার ও পানীয় যেমন—চা ও কফি আয়রন শোষণে বাধা সৃষ্টি করে। বিশেষ করে খাবারের পরপরই চা বা কফি পান করলে আয়রন শোষণ কমে যায়। তাই রক্তস্বল্পতায় আক্রান্ত ব্যক্তিদের চা বা কফি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং খাবারের সঙ্গে বা খাবারের পরপরই এসব পানীয় এড়িয়ে চলা উচিত।

লেখক: পুষ্টিবিদ, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল

আরও