হৃদরোগের ঝুঁকি কমাতে প্রয়োজন স্বাস্থ্যকর জীবনযাপন

স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে রক্তচাপ, রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা স্বাভাবিক রাখা সম্ভব।

হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং বিভিন্ন শারীরিক সমস্যার নিয়ন্ত্রণ জরুরি। স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে রক্তচাপ, রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা স্বাভাবিক রাখা সম্ভব। এতে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাবার ও পানীয় বেছে নেয়া জরুরি। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত তাজা ফলমূল ও শাকসবজি রাখতে হবে। পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার খাওয়ার পরিমাণ কমাতে হবে।

 অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

 আঁশসমৃদ্ধ এবং স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট ও কোলেস্টেরল কম রয়েছে এমন খাবার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

 খাবারে লবণ বা সোডিয়ামের পরিমাণ কমালে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

 চিনি খাওয়ার পরিমাণ কমালে রক্তে শর্করার মাত্রা কমে। এতে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সহায়তা হয়।

 অ্যালকোহল পান কমালে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমতে পারে।

ওজন নিয়ন্ত্রণে রাখা

অতিরিক্ত ওজন ও স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের হৃদরোগের ঝুঁকি বেশি। শরীরে অতিরিক্ত ওজন থাকলে হৃৎপিণ্ড ও রক্তনালির ওপর বাড়তি চাপ তৈরি হয়।

নিয়মিত শারীরিক পরিশ্রম

নিয়মিত শারীরিক কার্যক্রম শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং রক্তচাপ, রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা কমাতে সহায়তা করে।

ধূমপান পরিহার করা

সিগারেটের ধূমপান হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। যারা ধূমপান করেন না, তাদের এ অভ্যাস শুরু করা উচিত নয়। আর যারা ধূমপান করেন, তাদের তা ছেড়ে দিলে হৃদরোগের ঝুঁকি কমে।

শারীরিক সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখা

উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে হৃদরোগের ঝুঁকি কমাতে এসব সমস্যা নিয়ন্ত্রণে রাখা জরুরি।

কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা

স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রতি চার-ছয় বছরে অন্তত একবার রক্তে কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে সিডিসি। কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে ওষুধের পাশাপাশি জীবনযাত্রায় পরিবর্তন এনে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।

নিয়মিত রক্তচাপ পরীক্ষা

উচ্চ রক্তচাপের সাধারণত কোনো দৃশ্যমান উপসর্গ থাকে না। তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা জরুরি। আগে কখনো উচ্চ রক্তচাপ শনাক্ত হয়নি কিংবা হৃদরোগের অন্য কোনো ঝুঁকি নেই, এমন ব্যক্তিদেরও বছরে অন্তত একবার রক্তচাপ পরীক্ষা করা উচিত।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করতে হবে। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি অনুসরণ এবং জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমানো সম্ভব।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন

উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের চিকিৎসায় ওষুধ সেবন করলে চিকিৎসকের নির্দেশনা মেনে চলতে হবে। কোনো ওষুধ সম্পর্কে অস্পষ্টতা থাকলে চিকিৎসক, নার্স কিংবা ফার্মাসিস্টের কাছে জানতে হবে। চিকিৎসকের সঙ্গে আলোচনা না করে কোনো ওষুধ বন্ধ করা উচিত নয়।

সূত্র: সিডিসি

আরও