হেপাটাইটিস সি

প্রাথমিক শনাক্তকরণেই কমবে ঝুঁকি

হেপাটাইটিস সি হলো হেপাটাইটিস সি ভাইরাসের কারণে সৃষ্ট লিভারের একটি প্রদাহজনিত রোগ।

এ ভাইরাস স্বল্পমেয়াদি (তীব্র) এবং দীর্ঘমেয়াদি (দীর্ঘস্থায়ী) উভয় ধরনের সংক্রমণ সৃষ্টি করতে পারে। অনেক ক্ষেত্রে এটি সামান্য অসুস্থতা তৈরি করলেও দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের মতো প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে।

হেপাটাইটিস সি মূলত রক্তের মাধ্যমে ছড়ায়। অনিরাপদ ইনজেকশন ও চিকিৎসা পদ্ধতি, পরীক্ষা না করা রক্ত সঞ্চালন, একই সুচ ও সিরিঞ্জ ব্যবহার এবং এমন যৌন আচরণ যার মাধ্যমে রক্তের সংস্পর্শ ঘটে, সেসব ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ৫ কোটি মানুষ দীর্ঘস্থায়ী হেপাটাইটিস সি সংক্রমণে আক্রান্ত। প্রতি বছর প্রায় ১০ লাখ নতুন সংক্রমণ ঘটে। ২০২২ সালে বিশ্বজুড়ে প্রায় ২ লাখ ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে হেপাটাইটিস সি-জনিত জটিলতায়, যার অধিকাংশই লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের কারণে।

বর্তমানে ডাইরেক্ট-অ্যাক্টিং অ্যান্টিভাইরাল (ডিএএ) ওষুধের মাধ্যমে হেপাটাইটিস সি আক্রান্ত ৯৫ শতাংশেরও বেশি রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। তবে এখনো বিশ্বের অনেক দেশে রোগ নির্ণয় ও চিকিৎসার সুযোগ সীমিত।

রোগের ধরন ও জটিলতা : হেপাটাইটিস সি একটি ভাইরাসজনিত লিভার সংক্রমণ, যা তীব্র বা দীর্ঘস্থায়ী উভয় ধরনের হতে পারে। অনেক ক্ষেত্রে এটি দীর্ঘদিন নীরবে শরীরে অবস্থান করে এবং পরবর্তী সময়ে গুরুতর লিভার রোগের কারণ হয়ে দাঁড়ায়। সংক্রমণের পর প্রায় ৩০ শতাংশ রোগীর শরীর ছয় মাসের মধ্যে কোনো চিকিৎসা ছাড়াই ভাইরাস দূর করতে সক্ষম হয়। তবে বাকি ৭০ শতাংশ রোগীর ক্ষেত্রে সংক্রমণ দীর্ঘস্থায়ী রূপ নেয়।

দীর্ঘস্থায়ী সংক্রমণে আক্রান্তদের মধ্যে ১৫ থেকে ৩০ শতাংশ রোগীর ২০ বছরের মধ্যে লিভার সিরোসিস হওয়ার ঝুঁকি থাকে।

চিকিৎসা ও প্রতিরোধ : হেপাটাইটিস সির বিরুদ্ধে এখনো কোনো কার্যকর টিকা নেই। তবে অ্যান্টিভাইরাল ওষুধের মাধ্যমে অধিকাংশ রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, রোগটি দ্রুত শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা শুরু করলে লিভারের স্থায়ী ক্ষতি প্রতিরোধ করা যায় এবং রোগীর দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমে।

বিশ্বব্যাপী পরিস্থিতি : বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব অঞ্চলেই হেপাটাইটিস সি সংক্রমণ রয়েছে। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ দীর্ঘস্থায়ী সংক্রমণে আক্রান্ত, যার সংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ। দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপ অঞ্চলে প্রায় ৯০ লাখ করে মানুষ আক্রান্ত। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ৭০ লাখ, আফ্রিকা অঞ্চলে ৮০ লাখ এবং আমেরিকা অঞ্চলে প্রায় ৫০ লাখ মানুষ দীর্ঘস্থায়ী হেপাটাইটিস সি নিয়ে বসবাস করছে।

বিশ্বে এইচআইভি নিয়ে বসবাসকারী প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে প্রায় ২৩ লাখ মানুষের শরীরে বর্তমানে বা অতীতে হেপাটাইটিস সি সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দীর্ঘস্থায়ী লিভার রোগ মৃত্যু ও অসুস্থতার অন্যতম প্রধান কারণ।

আরও