খাবারের মোড়কে বা লেবেলে রঙের ব্যবহার নিয়ে দীর্ঘদিনের পুরনো নিয়ম শিথিল করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে কোনো খাদ্যপণ্যে প্রাকৃতিক উৎস থেকে তৈরি রঙ ব্যবহার করা হলেও কোম্পানিগুলো দাবি করতে পারবে তাতে ‘কোনো কৃত্রিম রঙ নেই’। সম্প্রতি সংস্থাটি এই নতুন নির্দেশনার কথা জানায়। খবর এপি।
আগে এফডিএ-র নিয়ম অনেক বেশি কঠিন ছিল। কোনো খাবারে যদি সামান্যতম বাড়তি রঙ যোগ করা হতো—তা উদ্ভিদ বা অন্য কোনো প্রাকৃতিক উৎস থেকে হলেও—সেটিকে ‘কৃত্রিম রঙমুক্ত’ বলা যেত না। কেবল কোনো বাড়তি রঙ যোগ না করলেই কোম্পানিগুলো এই দাবি করার সুযোগ পেত। এখন সেই নিয়ম শিথিল করার ফলে অনেক বড় কোম্পানি নিজেদের পণ্যে সিন্থেটিক রঙের বদলে প্রাকৃতিক রঙ ব্যবহার করতে উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে।
এফডিএ-র নতুন নীতিমালা অনুযায়ী, কোনো খাদ্যপণ্য যদি পেট্রোলিয়াম বা খনিজ তেলভিত্তিক কৃত্রিম ডাই থেকে মুক্ত থাকে, তবেই সেটি ‘কৃত্রিম রঙমুক্ত’ হিসেবে গণ্য হবে। এখন থেকে খাবারে যদি গাছপালা বা শেওলা থেকে আহরিত রঙ মেশানো হয়, তবুও কোম্পানিগুলো মোড়কে বড় করে লিখতে পারবে যে এতে কোনো কৃত্রিম রঙ নেই।
এফডিএ কমিশনার মার্টি মাকারি এক বিবৃতিতে বলেন, আগের নিয়মটি কোম্পানিগুলোর জন্য একটি বড় বাধা ছিল। প্রাকৃতিক উৎস থেকে আসা রঙকেও আগে কৃত্রিম হিসেবে গণ্য করতে হতো, যা সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করত। এই বাধা দূর করার ফলে এখন সাধারণ মানুষের প্রতিদিনের খাদ্যতালিকায় প্রাকৃতিক উপাদানের ব্যবহার বাড়ানো সহজ হবে।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন দেশটির খাদ্য ব্যবস্থা থেকে সিন্থেটিক রঙের ব্যবহার পুরোপুরি কমিয়ে আনতে চায়। মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং এফডিএ কমিশনার মার্টি মাকারি দীর্ঘদিন ধরেই কৃত্রিম রঙের ক্ষতিকর দিক নিয়ে কাজ করছেন। তাদের মতে, পেট্রোলিয়াম-ভিত্তিক রঙ শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে।
এরই মধ্যে পেপসিকো ও নেসলের মতো বড় অনেক প্রতিষ্ঠান তাদের পণ্য থেকে কৃত্রিম রঙ সরিয়ে নিতে শুরু করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্য স্কুলের খাবারে কৃত্রিম রঙের ব্যবহার নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, উজ্জ্বল কৃত্রিম রঙের ব্যবহার মূলত অতি-প্রক্রিয়াজাত খাবারের আকর্ষণ বাড়াতে ব্যবহৃত হয়, যা শিশুদের চিনি ও চর্বিযুক্ত খাবার গ্রহণে প্রলুব্ধ করে।
এফডিএ বর্তমানে যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত ছয়টি পেট্রোলিয়াম-ভিত্তিক রঙের নিরাপত্তা নিয়ে পুনরায় পর্যালোচনা করছে। স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করে আসছেন যে, এই কৃত্রিম রঙগুলো শিশুদের চঞ্চলতা বা হাইপার-অ্যাক্টিভিটির কারণ হতে পারে। এফডিএ ‘বিট রুট রেড’ নামে একটি নতুন প্রাকৃতিক রঙের অনুমোদন দিয়েছে এবং নীল রঙের জন্য ‘স্পিরুলিনা এক্সট্র্যাক্ট’-এর ব্যবহার আরো সহজ করেছে। নতুন এই নিয়মের ফলে কোম্পানিগুলো এখন থেকে স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক উপাদানের দিকে আরো বেশি ঝুঁকবে বলে আশা করছে মার্কিন প্রশাসন।