বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা

আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বেশ কয়েক দশকজুড়ে নাটকীয়ভাবে বাড়ছে বিশ্বব্যাপী ডেঙ্গুর প্রকোপ।

বেশ কয়েক দশকজুড়ে নাটকীয়ভাবে বাড়ছে বিশ্বব্যাপী ডেঙ্গুর প্রকোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুসারে, ২০০০ সালে বিশ্বে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৫ লাখ ৫ হাজার ৪৩০। ২০১৯ সালে তা বেড়ে ৫২ লাখে পৌঁছেছে। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ অনেকেই ডেঙ্গু জ্বরকে সাধারণ ভাইরাস জ্বর মনে করে। সঠিক চিচিৎসাও নিতে আসে না। যার কারণে অনেক রোগীকে নথিভুক্ত করা সম্ভব হয় না।

ডব্লিউএইচওর গবেষণা অনুসারে, ২০২৩ সালে সর্বোচ্চসংখ্যক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়। ওই বছর বিশ্বের ৮০টিরও বেশি অঞ্চল ডেঙ্গুর কারণে প্রভাবিত হয়েছিল। সে বছর ৬৫ লাখের মতো মানুষ ডেঙ্গু আক্রান্ত হয় এবং একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ৭ হাজার ৩০০ জন।

এল নিনোর প্রভাব, জলবায়ুর পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাত, আর্দ্রতা বৃদ্ধি ইত্যাদি কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আরেকটি গবেষণায় দেখা গিয়েছে, প্রতি বছর ৩০০ কোটির বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে এশিয়া মহাদেশের অঞ্চলগুলো। বিশ্বব্যাপী মোট রোগের ৭০ শতাংশ এশিয়া অঞ্চলে। তবে নতুন কিছু অঞ্চলেও সম্প্রতি ডেঙ্গু রোগ ধরা পড়েছে । যেমন ইউরোপ, পূর্ব ভূমধ্যসাগর ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল। এশিয়ায় সবচেয়ে বেশিসংখ্যক ডেঙ্গু রোগী নথিভুক্ত করা হয়েছে বাংলাদেশ (৩ লাখ ২১ হাজার), মালয়েশিয়া (১ লাখ ১১ হাজার ৪০০), থাইল্যান্ড (১ লাথ ৫০ হাজার) ও ভিয়েতনামে (৩ লাখ ৬৯ হাজার)।

আরও